আর মিলবে না ১৫ জিবি ফ্রি স্টোরেজ? জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের ‘ডেডলাইন’ ঘোষণা!

আপনি কি একটি নতুন জিমেইল (Gmail) অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন? তবে সাবধান! গুগলের দীর্ঘদিনের চেনা নিয়মে আমূল পরিবর্তন এসেছে। এখন থেকে নতুন অ্যাকাউন্ট খুললেই আর আগের মতো ঝটপট ১৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে না। স্টোরেজ নিয়ে গুগলের এই নতুন ‘নীতি’ ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
ফোন নম্বর যাচাই না করলে মাত্র ৫ জিবি!
এতদিন পর্যন্ত গুগল ড্রাইভ, জিমেইল এবং গুগল ফটোস মিলিয়ে প্রতিটি ব্যবহারকারী ১৫ জিবি স্টোরেজ বিনামূল্যে পেতেন। কিন্তু সংস্থার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশন বা যাচাইকরণ না করলে একজন ব্যবহারকারী প্রাথমিকভাকে মাত্র ৫ জিবি স্টোরেজ পাবেন। বাকি ১০ জিবি স্টোরেজ ‘আনলক’ করতে হলে অবশ্যই নিজের ফোন নম্বরটি গুগলের খাতায় নথিভুক্ত করতে হবে। এমনকি গুগল তাদের সাপোর্ট পেজেও পরিবর্তন এনেছে; যেখানে আগে লেখা থাকতো “১৫ জিবি ফ্রি স্টোরেজ”, সেখানে এখন লেখা হচ্ছে “১৫ জিবি পর্যন্ত (Up to 15GB)”।
কেন এই কঠোর সিদ্ধান্ত গুগলের?
প্রতিবেদন অনুসারে, মূলত দুটি কারণে এই পদক্ষেপ নিয়েছে টেক জায়ান্টটি:
বট ও ভুয়ো অ্যাকাউন্ট রোধ: অনেক সময় একই ব্যক্তি বা বিভিন্ন অটোমেটেড সিস্টেম বারবার নতুন অ্যাকাউন্ট তৈরি করে বিনামূল্যে স্টোরেজের অপব্যবহার করে। ফোন নম্বর যাচাইকরণের মাধ্যমে গুগল নিশ্চিত হতে চায় যে ব্যবহারকারী একজন প্রকৃত মানুষ।
খরচ বৃদ্ধি: বিশ্ববাজারে মেমোরি ও হার্ডওয়্যারের আকাশচুম্বী দাম এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের ওপর ক্রমবর্ধমান চাপ সামলাতে গুগল এখন স্টোরেজ ব্যবহারের রাশ টেনে ধরছে।
গোপনীয়তা নিয়ে প্রশ্ন: স্বস্তি নাকি অস্বস্তি?
গুগলের এই নতুন নিয়মে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যারা ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির কারণে ইমেইল অ্যাকাউন্টের সঙ্গে নিজের ফোন নম্বর যুক্ত করতে চান না, তারা এখন বড়সড় সংকটে। তাদের মাত্র ৫ জিবি স্টোরেজ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। অন্যদিকে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এই ব্যবস্থার ফলে স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্টের উপদ্রব অনেকটাই কমবে।
আপাতত এই নিয়মটি শুধুমাত্র নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে কার্যকর হচ্ছে। পুরনো ইউজারদের ওপর এর প্রভাব পড়বে কি না, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা দেয়নি গুগল। তবে জিমেইল ব্যবহারের ক্ষেত্রে এখন থেকে ব্যবহারকারীদের আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে।