বিজেপি সরকারের প্রথম মাস্টারস্ট্রোক! উত্তরবঙ্গ থেকে বেছে নেওয়া হলো বিধানসভার অধ্যক্ষকে, চিনে নিন তাঁকে

নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করেনি বিজেপি। তবে প্রশাসনের কাজ থেমে নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর পাঁচজন বিশ্বস্ত মন্ত্রীকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত আলোচনার পরেই মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম ও দপ্তর নির্ধারিত হবে। এই আবহেই বৃহস্পতিবার বিধানসভার স্পিকার বা অধ্যক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ নাম ঘোষণা করল রাজ্যের শাসক দল।

বিধানসভার স্পিকার পদ নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসুকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে।

কী জানালেন নবনিযুক্ত অধ্যক্ষ?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বসুর নাম প্রস্তাব করেন। স্পিকার হিসেবে মনোনীত হওয়ার পর রথীন্দ্র বসু সংবাদমাধ্যমকে জানান, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, আমি তার ১০০ শতাংশ মর্যাদা দেওয়ার চেষ্টা করব। সাধারণ মানুষ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছেন। বিধানসভার কাজ যাতে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিচালিত হয়, সেটাই আমার মূল লক্ষ্য হবে।”

কে এই রথীন্দ্রনাথ বসু?
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হয়েছেন রথীন্দ্রনাথ বসু। পেশাদার জীবনে তিনি একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং তাঁর নিজস্ব একটি সিএ ফার্ম রয়েছে। কোচবিহারের বি টি অ্যান্ড ইভিনিং কলেজ থেকে স্নাতক হওয়া রথীন্দ্রনাথ দীর্ঘ সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একনিষ্ঠ সদস্য ছিলেন। সেখান থেকেই তাঁর রাজনৈতিক হাতেখড়ি এবং পরবর্তীকালে বিজেপির সক্রিয় রাজনীতিতে আসা।

উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব
গত ১৫ বছর ধরে তৃণমূল সরকারের আমলে বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর বিজেপি সরকার তাদের নতুন সংসদীয় কাঠামোতে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে। কোচবিহারের ঘরের ছেলেকে স্পিকারের আসনে বসিয়ে বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দিল যে, নতুন সরকারের নীতিনির্ধারণে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব একটি বড় ভূমিকা পালন করবে।