“এতদিন টাকা দিয়ে চলেছে, এবার আর হবে না!” অগ্নিকাণ্ড নিয়ে কাকে চরম হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?

শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় এবার কড়া সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার এক জনসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পুরনো ব্যবস্থায় অনিয়ম ঢাকা দেওয়ার দিন শেষ। এখন থেকে সবকিছু ‘নতুনভাবে’ নিয়ন্ত্রিত হবে।
শহরের ঘিঞ্জি এলাকা ও বহুতলগুলোতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা এবং তার নেপথ্যে থাকা গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেন, “কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বারেবারে ঘটেছে। এতদিন অনেক কিছুই টাকা-পয়সার বিনিময়ে ধামাচাপা দিয়ে চলা হয়েছে। কিন্তু নতুন জমানায় সেই সুযোগ আর থাকবে না।”
প্রশাসনিক স্বচ্ছতা ও অগ্নিনির্বাপণ বিধি মেনে চলার ওপর জোর দিয়ে তিনি একপ্রকার হুঁশিয়ারির সুরে জানান, ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। যারা এখনও নিয়ম অমান্য করে চলছেন, তাঁদের সতর্ক করে তিনি বলেন, “নতুনভাবে সবকিছু হচ্ছে। সময় থাকতে নিয়মগুলো মেনে নিন। নাহলে পরে বড় ধরণের অসুবিধার মুখে পড়তে হতে পারে।”
রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের আগমনে রাজ্যের প্রশাসনিক কাঠামোয় যে বড়সড় রদবদল আসতে চলেছে, দিলীপ ঘোষের এই বক্তব্য তারই ইঙ্গিত। বিশেষ করে জননিরাপত্তা ও অগ্নি-সুরক্ষাবিধি নিয়ে যে প্রশাসন আর কোনও আপস করবে না, সেই বার্তাই আজ স্পষ্ট করে দিলেন এই প্রবীণ নেতা।