বিজেপি জিততেই খুলল তালা! আসানসোলে দীর্ঘদিনের ‘বন্দি’ মন্দির চত্বরে অকাল দীপাবলি, কী এমন ঘটল?

বাংলার বিধানসভা নির্বাচনে পালাবদলের হাওয়া বইতেই বদলে যেতে শুরু করেছে রাজ্যের প্রশাসনিক ও সামাজিক চালচিত্র। সেই পরিবর্তনেরই এক বড়সড় ঝলক দেখা গেল শিল্পাঞ্চল আসানসোলে। নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই আসানসোল উত্তর কেন্দ্রের এক দীর্ঘদিনের বন্ধ মন্দির সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হলো। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে বিজেপির মহাবিজয়ের পর এটিই আসানসোলের বুকে প্রথম বড় কোনো পদক্ষেপ।
প্রতিশ্রুতি রক্ষা: তালা খুললেন জয়ী প্রার্থী
আসানসোলের বস্তিন বাজার এলাকায় অবস্থিত ‘শ্রী শ্রী দুর্গামাতা চ্যারিটেবল ট্রাস্ট’-এর দুর্গামন্দিরটি দীর্ঘদিন ধরে নানা বিতর্কের জেরে বন্ধ ছিল। স্থানীয়দের মতে, বছরের অধিকাংশ সময় মন্দিরে ভক্তদের প্রবেশাধিকার থাকত না। কেবল দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর ক’দিন পুজোর জন্য মন্দির খোলা হতো।
আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে নবনির্বাচিত বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হলে তিনি এই মন্দিরের তালা খুলে দেবেন এবং সারাবছর উপাসনার ব্যবস্থা করবেন। মঙ্গলবার জয়ের সার্টিফিকেট পাওয়ার পরই সরাসরি মন্দিরে পৌঁছে যান তিনি। সশরীরে উপস্থিত থেকে দীর্ঘদিনের বন্ধ মন্দিরের ফটক খুলে দিয়ে ভক্তদের প্রবেশ সুনিশ্চিত করেন। এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে শুরু করেন শয়ে শয়ে পুণ্যার্থী।
৯-০ ফলাফলে শিল্পাঞ্চলে দাপট বিজেপির
পশ্চিম বর্ধমান জেলার রাজনৈতিক ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, আসানসোলের ৯টি বিধানসভা আসনেই জয়লাভ করেছে বিজেপি। এই অভাবনীয় সাফল্যের পর মন্দির খোলার ঘটনাটিকে অনেকেই রাজনৈতিক পালাবদলের প্রতীক হিসেবে দেখছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, মন্দিরটি ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ ছিল, যা এবার মিটে গেল।
শান্তি বজায় রাখার বার্তা শুভেন্দুর
অন্যদিকে, বাংলায় দুই শতাধিক আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর জায়গায় জায়গায় তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘাসফুল শিবিরের দাবি, অনেক জায়গায় তাদের পার্টি অফিস দখল করা হচ্ছে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব।
শুভেন্দু অধিকারী প্রকাশ্যে দলীয় কর্মীদের সংযত ও শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই যেন আইন নিজের হাতে তুলে নেওয়া না হয় এবং উৎসবের আবহে যেন সাধারণ মানুষের অসুবিধা না ঘটে।
নজরে নতুন সরকার
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বিজেপি ২০৬টি আসনে জয়ী হয়ে বাংলায় সরকার গঠন করতে চলেছে। মমতার তৃণমূল থমকে গিয়েছে মাত্র ৮১টি আসনে। কংগ্রেস ২, বামফ্রন্ট ১ এবং আইএসএফ ১টি আসনে জয় পেয়েছে। এখন সবার নজর রাজভবনের দিকে—কবে হবে শপথ গ্রহণ এবং নবান্নের পরবর্তী অধিপতি কে হবেন, তা নিয়েই তুঙ্গে চর্চা।