বাংলায় ‘সুনামি’! ভবানীপুরে হারলেন মমতা, ধরাশায়ী বিদায়ী মন্ত্রিসভার ১৭ মন্ত্রী; দেখুন পরাজিতদের মেগা তালিকা!

বাংলায় পাঁচ বছরের ‘খেলা’ শেষে সম্পূর্ণ বদলে গেল রাজনৈতিক মানচিত্র। ২০২১ সালে যেখানে ২১১-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল কংগ্রেস, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সেই দাপট কার্যত ধূলিসাৎ হয়ে গেল। গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল রাজ্যের শাসক দল। ১০০-র গণ্ডিও পার করতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

ভবানীপুরে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়
এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পরাজয়। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিপরীতে লড়াই করে পরাজিত হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরাজয় তৃণমূলের জন্য এক ঐতিহাসিক ধাক্কা।

ধরাশায়ী ১৭ জন মন্ত্রী: হেভিওয়েটদের পতনের তালিকা
শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, তাঁর বিদায়ী মন্ত্রিসভার ২৮ জন মন্ত্রীর মধ্যে ১৭ জনই মুখ থুবড়ে পড়েছেন। সিঙ্গুর থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক গড় এখন বিজেপির দখলে। একনজরে দেখে নিন পরাজিত সেই হেভিওয়েট মন্ত্রীদের তালিকা:

শশী পাঁজা – শ্যামপুকুর

ব্রাত্য বসু – দমদম

চন্দ্রিমা ভট্টাচার্য – উত্তর দমদম

সুজিত বসু – বিধাননগর

রথীন ঘোষ – মধ্যমগ্রাম

বেচারাম মান্না – সিঙ্গুর

ইন্দ্রনীল সেন – চন্দননগর

স্নেহাশিস চক্রবর্তী – জাঙ্গিপাড়া

সত্যজিত বর্মণ – হেমতাবাদ

বঙ্কিম হাজরা – সাগর

সিদ্দিকুল্লা চৌধুরী – মন্তেশ্বর

স্বপন দেবনাথ – পূর্বস্থলী দক্ষিণ

প্রদীপ মজুমদার – দুর্গাপুর পূর্ব

মলয় ঘটক – আসানসোল উত্তর

উজ্জ্বল বিশ্বাস – কৃষ্ণনগর দক্ষিণ

মানস ভুঁইয়া – সবং

বীরবাহা হাংসদা – বিনপুর

নির্বাচনী ফলাফল: একনজরে বিধানসভা
রাজ্যের ২৯৩টি আসনের ফলাফল অনুযায়ী, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০৬টি আসনে জয়লাভ করেছে পদ্ম শিবির। অন্যদিকে তৃণমূল থমকে গিয়েছে মাত্র ৮১টি আসনে। কংগ্রেসের দখলে গিয়েছে ২টি আসন।

তবে এবারের নির্বাচনে আলাদা করে নজর কেড়েছে বামেরা। দীর্ঘ শূন্যের গেরো কাটিয়ে ডোমকল আসন থেকে জয়ী হয়েছেন ‘মাস্টারমশাই’ মুস্তাফিজ়ুর রহমান। উল্লেখ্য, ফলতা আসনে পুনর্নির্বাচন হবে ২১ মে এবং তার ফল ঘোষণা ২৪ মে।

সবকিছু ঠিক থাকলে, আগামী ৯ মে নতুন সরকার শপথ নিতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।