মমতাকে হারিয়ে ফের ‘জায়েন্ট কিলার’ শুভেন্দুই কি মুখ্যমন্ত্রী? শাহের ‘ভূমিপুত্র’ তত্ত্বে কোন নামে সিলমোহর?

বঙ্গ জয়ের লক্ষ্য পূরণ হয়েছে, এখন অপেক্ষা শুধু নতুন সরকারের রাজ্যাভিষেকের। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলার অলিতে-গলিতে। ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপির সরকার গড়লে বাংলার কোনও ‘ভূমিপুত্র’ই হবেন মুখ্যমন্ত্রী। এবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের পালা। তবে এখনও পর্যন্ত কোনও একক নাম চূড়ান্ত না হওয়ায় জল্পনা তুঙ্গে।

কলকাতায় আসছেন রাজনাথ-শাহ, দিল্লিতেও জরুরি বৈঠক
বিজেপি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নির্বাচনের জট কাটাতে আজই কলকাতায় আসতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি উচ্চপর্যায়ের দল। এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংকে। আজ সকাল ১১টায় দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে। সেই বৈঠক শেষ করেই রাজনাথ সিং কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কলকাতায় পৌঁছে তাঁরা নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠকে বসবেন। অন্যদিকে, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির পার্লামেন্টারি বোর্ডেরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে চূড়ান্ত নামের ওপর সিলমোহর পড়তে পারে।

মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে কারা?
বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছেন বেশ কয়েকজন দাপুটে নেতা:

শুভেন্দু অধিকারী: তালিকার শীর্ষে রয়েছেন বর্তমান বিরোধী দলনেতা। নন্দীগ্রাম ও ভবানীপুর— এই দুই হাইভোল্টেজ কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন তিনি। আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করায় দলের অন্দরে তাঁর ওজন অনেকটাই বেড়েছে।

দিলীপ ঘোষ: খড়গপুর সদর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে নিজেকে ধরে রেখেছেন দিলীপ ঘোষও। দলের পুরনো ও বিশ্বস্ত সৈনিক হিসেবে তাঁর নামও জোর চর্চায় রয়েছে।

শমীক ভট্টাচার্য: চমক হিসেবে উঠে আসছে শমীক ভট্টাচার্যের নাম। যদিও তিনি এবারের নির্বাচনে প্রার্থী হননি। নিয়ম অনুযায়ী, তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে আগামী ৬ মাসের মধ্যে তাঁকে কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জিতে আসতে হবে।

স্বপন দাশগুপ্ত: এছাড়াও তালিকায় রয়েছেন প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। তাঁর নামও বিজেপির অন্দরে আলোচনার টেবিলে রয়েছে।

বিজেপি কি অভিজ্ঞ শুভেন্দুর ওপর ভরসা রাখবে, নাকি নতুন কোনও মুখ সামনে এনে সবাইকে চমকে দেবে— এখন সেটাই দেখার। আজকের হাইভোল্টেজ বৈঠকের পরেই স্পষ্ট হতে পারে বাংলার ভাগ্যবিধান কার হাতে যাচ্ছে।

Saheli Saha
  • Saheli Saha