১ মে থেকে বড় বদল! গ্যাস সিলিন্ডার নেওয়ার আগে ওটিপি (OTP) না দিলে ফিরবে ডেলিভারি বয়, নতুন নিয়ম জেনে নিন

মে মাসের শুরুতেই রান্নার গ্যাসের (LPG Cylinder) পরিষেবা ও বন্টন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের কথা জানাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মূলত ভর্তুকির অপব্যবহার রুখতে এবং বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে ১ মে থেকে। যার ফলে ভারত গ্যাস, ইন্ডিয়ান বা এইচপি—যে কোম্পানির গ্রাহকই আপনি হন না কেন, এবার থেকে সিলিন্ডার নেওয়ার সময় আপনাকে বেশ কিছু নতুন প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে।

ওটিপি (OTP) বাধ্যতামূলক ও ই-কেওয়াইসি আপডেট
তেল কোম্পানিগুলির নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সিলিন্ডার ডেলিভারির সময় ওটিপি (OTP) ভিত্তিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, গ্যাস বুক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি কোড আসবে, যা ডেলিভারি বয়কে না দিলে সিলিন্ডার পাওয়া যাবে না। পাশাপাশি, সিলিন্ডার চুরি বা কালোবাজারি রুখতে প্রতিটি গ্রাহককে বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি (e-KYC) আপডেট করতে বলা হয়েছে।

পিএনজি থাকলে ছাড়তে হবে এলপিজি
সরকারের নিয়ম অনুযায়ী, একই পরিবারে পাইপ লাইনের মাধ্যমে আসা প্রাকৃতিক গ্যাস (PNG) এবং এলপিজি সিলিন্ডার—উভয় সংযোগ রাখা বেআইনি। ভর্তুকির অপব্যবহার রুখতে গত ১৪ মার্চের সংশোধনী অনুযায়ী, যে সব বাড়িতে পিএনজি কানেকশন রয়েছে, তাঁদের দ্রুত ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের সংযোগ সারেন্ডার করতে হবে। ইতিমধ্যেই দেশজুড়ে প্রায় ৪৩ হাজার গ্রাহক তাঁদের এলপিজি সংযোগ ছেড়ে দিয়েছেন। তেল কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের চিহ্নিত গ্রাহকদের আর সিলিন্ডার সরবরাহ না করার জন্য।

বুকিংয়ের সময়সীমায় বদল
গ্যাস বুকিংয়ের ক্ষেত্রেও সময়সীমায় বড় বদল এনেছে মন্ত্রক:

শহরাঞ্চল: আগে ২১ দিন অন্তর বুকিং করা যেত, যা বাড়িয়ে এখন ২৫ দিন করা হয়েছে।

গ্রামাঞ্চল: গ্রামীণ এলাকায় এখন থেকে ৪৫ দিন অন্তর গ্যাস বুকিং করা যাবে।

কেন বাড়ছে গ্যাসের দাম?
২০২৬ সালের মার্চ মাস থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ইতিমধ্যেই তিনবার বাড়ানো হয়েছে। এর অন্যতম কারণ হলো পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা। বিশেষ করে ইরান-ইজরায়েল সংঘর্ষের জেরে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই পথ দিয়েই ভারতে বিপুল পরিমাণ খনিজ তেল ও গ্যাস আমদানি করা হয়। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় তার প্রভাব পড়ছে দেশীয় বাজারেও।

সরকারি এই কড়াকড়ি এবং নতুন নিয়মগুলো না মানলে আগামী দিনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত নিকটস্থ ডিলারের সঙ্গে যোগাযোগ করে আপনার কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।