PF-এর টাকা তোলা নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের! এবার আধারের মাধ্যমেই আসবে মোটা টাকা, খুশির খবর চাকরিজীবীদের জন্য

চাকরিজীবীদের জন্য সুখবর! এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ (EPF) থেকে টাকা তোলা বা বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট ফের সচল করা হবে আরও সহজ। কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে এক অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যার নাম দেওয়া হয়েছে ‘ই-প্রাপ্তি’ (E-PRAAPTI)। বুধবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই বিশেষ পোর্টালের কথা ঘোষণা করেছেন।
কী এই ‘ই-প্রাপ্তি’ পোর্টাল?
অনেকেরই পুরনো চাকরির পিএফ অ্যাকাউন্ট পড়ে থাকে, যেখান থেকে টাকা তোলা বা ইউএএন (UAN) লিঙ্ক করা নিয়ে নানা সমস্যায় পড়তে হয়। এই সমস্যা দূর করতেই আনা হচ্ছে ই-প্রাপ্তি বা EPF Aadhaar-Based Access Portal for Tracking Inoperative Accounts।
এই পোর্টালটি সম্পূর্ণভাবে আধার ভিত্তিক (Aadhaar-based Authentication)। অর্থাৎ, এখন থেকে নিজের পিএফ সংক্রান্ত কাজের জন্য আপনাকে আর কোম্পানির দোরে দোরে ঘুরতে হবে না। কর্মীরা নিজেরাই ডিজিটাল মাধ্যমে নিজেদের প্রোফাইল আপডেট এবং ইনঅপারেটিভ বা আন-ক্লেমড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন।
যেসব সুবিধা পাবেন গ্রাহকরা:
স্বনির্ভর পরিষেবা: ইউএএন (UAN) সিডিং থেকে শুরু করে প্রোফাইল আপডেট—সবই করা যাবে নিজের হাতে। সংস্থার কোনো অনুমোদনের অপেক্ষায় বসে থাকতে হবে না।
বন্ধ অ্যাকাউন্ট সচল: মেম্বার আইডি ব্যবহার করে পুরনো বা নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো সহজেই খুঁজে বের করে সক্রিয় করা যাবে।
দ্রুত নিষ্পত্তি: বর্তমানে ইপিএফও (EPFO) অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করছে। মাত্র ৩ দিনের মধ্যেই অধিকাংশ আবেদনের নিষ্পত্তি করা হচ্ছে।
রেকর্ড সাফল্য ইপিএফও-র
কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে পিএফ সংক্রান্ত আবেদনের নিষ্পত্তিতে রেকর্ড গড়েছে কেন্দ্র। গত অর্থবর্ষে যেখানে আবেদনের সংখ্যা ছিল ৬০.১ মিলিয়ন, সেখানে চলতি অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩.১ মিলিয়নে। এর মধ্যে সিংহভাগই ছিল পিএফ থেকে অ্যাডভান্স বা আংশিক টাকা তোলার আবেদন।
পুরো প্রক্রিয়াটি আধার কার্ডের ওপর ভিত্তি করে হওয়ায় জালিয়াতির ভয় যেমন কমবে, তেমনই স্বচ্ছতা আসবে পিএফ পরিষেবায়। আগামীতে মেম্বার আইডি ছাড়াই সরাসরি আধারের মাধ্যমে এই পোর্টাল ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে শ্রম মন্ত্রক। ফলে এখন থেকে চাকরিজীবীদের নিজেদের জমানো টাকার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।