ধূমপায়ীদের মাথায় হাত! কয়েক দিনের মধ্যেই বদলে যাচ্ছে সিগারেটের দাম, জানুন নতুন রেট

নতুন মাস শুরু হওয়ার আগেই ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। মে মাস থেকেই ফের পকেটে টান পড়তে চলেছে সাধারণ মানুষের। ফের একবার বাড়তে চলেছে সিগারেটের দাম। বাজার সূত্রে খবর, মে মাসের শুরু থেকেই সিগারেট কিনতে গেলে আগের তুলনায় অন্তত ১৭ শতাংশ অতিরিক্ত খরচ করতে হতে পারে ভোক্তাদের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর এটিই হতে চলেছে সিগারেটের সবথেকে বড় মূল্যবৃদ্ধি। মূলত অতিরিক্ত আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কার্যকর হওয়ার কারণেই এই দাম বাড়ছে।

কোন কোন ব্র্যান্ডের দাম বাড়বে?

রিপোর্ট অনুযায়ী, মূল্যবৃদ্ধির এই কোপ শুধু প্রিমিয়াম বা দামী সিগারেটের ওপর সীমাবদ্ধ থাকছে না। আইটিসি-র (ITC) মতো বড় কোম্পানিগুলো তাদের ‘ভ্যালু সেগমেন্ট’ বা কম দামী ব্র্যান্ডগুলোর দামও বাড়ানোর পথে হাঁটছে। এর ফলে সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ভোক্তারা সরাসরি প্রভাবিত হবেন। উদাহরণ হিসেবে বলা যায়, আইটিসি গোল্ডফ্লেক প্রিমিয়াম প্যাকের দাম ১১৫ টাকা থেকে বেড়ে মে মাস নাগাদ ১৩৫ টাকা পর্যন্ত হতে পারে।

কেন বাড়ছে দাম?

এই মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন কর কাঠামো। ২০২৫ সালে সংসদে কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) বিল পাশ হওয়ার পর থেকেই সিগারেট উৎপাদনকারী সংস্থাগুলোর ওপর করের বোঝা কয়েক গুণ বেড়ে গিয়েছে। বর্তমানে সিগারেটের ওপর ৪০ শতাংশ জিএসটি (GST) ছাড়াও প্রতি ১ হাজার সিগারেটের ওপর আবগারি শুল্ক ২,০৫০ টাকা থেকে বাড়িয়ে ৮,৫০০ টাকা পর্যন্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বিপুল পরিমাণ শুল্ক বৃদ্ধির ফলে ৭৫-৮৫ মিলিয়ন সিগারেটের উৎপাদন খরচ গড়ে ২২ থেকে ২৮ শতাংশ বেড়ে গিয়েছে। সেই বাড়তি খরচ সামাল দিতেই কোম্পানিগুলো খুচরো বিক্রির দাম বাড়াতে বাধ্য হচ্ছে।

শেয়ার বাজারে প্রভাব

সিগারেটের দাম বাড়ার সম্ভাবনার কথা চাউর হতেই দেশের বড় সিগারেট কোম্পানিগুলোর শেয়ারে লক্ষ করা গিয়েছে উল্লেখযোগ্য উত্থান। গত ২৯ এপ্রিল শেয়ার বাজারে আইটিসি-র (ITC) শেয়ারের দর প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পায়। পিছিয়ে নেই গডফ্রে ফিলিপস-ও (Godfrey Phillips), তাদের শেয়ারের দাম এক দিনে বেড়েছে ৬.৫ শতাংশ। লগ্নিকারীদের এই উৎসাহ স্পষ্ট করে দিচ্ছে যে, বর্ধিত মূল্য শীঘ্রই কার্যকর হতে চলেছে।

ভবিষ্যৎ কি আরও আশঙ্কাজনক?

বাজার বিশেষজ্ঞদের ধারণা, কর এবং উৎপাদন খরচের এই চাপ যদি অব্যাহত থাকে, তবে আগামী দিনে সিগারেটের দাম আরও ধাপে ধাপে বাড়তে পারে। আপাতত মে মাস থেকেই ধূমপায়ীদের বাজেটে বড়সড় কাটছাঁট করতে হতে চলেছে। ওদিকে স্বাস্থ্য সচেতনদের একাংশ বলছেন, দাম বাড়লে হয়তো সিগারেটের নেশা কিছুটা কমবে, কিন্তু নিয়মিত ধূমপায়ীদের জন্য এই খবর যে যথেষ্ট উদ্বেগের, তাতে কোনো সন্দেহ নেই।