‘ঝুঁকেগা নেহি…!’ -IPS অজয় কে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূলের, ফলতায় কি যুদ্ধের দামামা?

বাংলা বনাম উত্তরপ্রদেশ? নাকি সিংঘম বনাম পুষ্পা? ভোট যত এগোচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার ফলতা হয়ে উঠছে বিনোদন জগতের কোনো হাই-ভোল্টেজ ড্রামার সেট। একদিকে উত্তরপ্রদেশের ১০০-র বেশি এনকাউন্টার করা দুঁদে IPS অজয় পাল শর্মা, অন্যদিকে তৃণমূলের হেভিওয়েট নেতাদের একের পর এক তোপ। দুই পক্ষের এই সংঘাত এখন সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল!
‘পুষ্পা’ বনাম ‘সিংঘম’: অরূপ বিশ্বাসের চ্যালেঞ্জ
IPS অজয় পাল শর্মার কড়া মেজাজ দেখে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন আসরে নামলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। বলিউডি কায়দাতেই তিনি জবাব দিলেন উত্তরপ্রদেশের ‘সিংঘম’কে। অরূপের সাফ কথা:
“কীসের সিংঘম? তৃণমূলের কর্মীরা হলো ‘পুষ্পা’, ঝুকেগা নেহি! আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। লড়াই চলছে, চলবে।”
এখানেই থামেননি তিনি। নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি স্পষ্ট জানান, পর্যবেক্ষকদের নিরপেক্ষ হতে হবে। সাংবিধানিক সীমা লঙ্ঘন করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মহুয়া মৈত্রের ‘ভিডিও’ বাণ!
অজয় পাল শর্মাকে আটকাতে এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তুলল ঘাসফুল শিবির। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও শেয়ার করে সরাসরি ট্যাগ করেন ওই অফিসারকে। ভিডিওতে এক ব্যক্তিকে স্বল্পবসনা নর্তকীদের সঙ্গে আনন্দ করতে দেখা যাচ্ছে, যা অজয় পাল শর্মার বলে দাবি করেছেন মহুয়া। কটাক্ষের সুরে মহুয়া লিখেছেন— “আশা করি আপনার নাচের দক্ষতার চেয়ে পুলিশি দক্ষতা বেশি ভালো!” চন্দ্রিমা ভট্টাচার্যও সুর চড়িয়ে দাবি করেছেন, শান্তি বিঘ্নিত করতেই এই অফিসারকে রাজ্যে আনা হয়েছে।
সাঁজোয়া গাড়ি বনাম তৃণমূলের বিক্ষোভ
জানা যাচ্ছে, অজয় পাল শর্মা একা নন, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর বিশাল কনভয় এবং সাঁজোয়া গাড়ি। তাঁর কাছে নাকি রয়েছে একটি ‘টার্গেট লিস্ট’, যেখানে এলাকাভিত্তিক গোলমাল পাকাতে পারে এমন সন্দেহভাজন নেতাদের নাম রয়েছে।
ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের অফিসের সামনে গিয়ে তিনি যখন সরাসরি হুঁশিয়ারি দেন, তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। জাহাঙ্গির খানের পাল্টা দাবি, “এভাবে ধমকানো-চমকানো যাবে না। এ মাটি জোড়াফুলের মাটি, এখানে ভয় দেখিয়ে লাভ নেই।”
কেন এত বিতর্ক এই আইপিএস-কে নিয়ে?
-
ট্র্যাক রেকর্ড: যোগী রাজ্যে কয়েকশো এনকাউন্টারের ইতিহাস রয়েছে তাঁর ঝুলিতে।
-
ভয় দেখানো: তৃণমূলের অভিযোগ, তিনি ভোটারদের ভয় দেখিয়ে বিজেপির সুবিধা করতে চাইছেন।
-
ব্যক্তিগত আক্রমণ: বিরোধী শিবির তাঁর পুরনো নাচের ভিডিও সামনে এনে তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছে।
বাংলার দ্বিতীয় দফার ভোটের আগে এই ‘সিংঘম-পুষ্পা’ লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।