আমিষ খাওয়ার শখই হলো কাল! তেলেঙ্গানায় স্ত্রীর হাতে নৃশংসভাবে খুন স্বামী, রক্তারক্তি কাণ্ড দেখে স্তম্ভিত সন্তানরা

রান্নাঘরে সামান্য আমিষ রান্না নিয়ে বিবাদ যে এমন মর্মান্তিক রূপ নিতে পারে, তা ভাবতেও পারেনি কেউ। স্ত্রীকে মাছ বা মাংস রান্না করতে বলায় মেজাজ হারিয়ে স্বামীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলার গোসঙ্গী কলোনিতে।

কী ঘটেছিল সেই অভিশপ্ত রাতে?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩০ বছর বয়সী কোদান্দা শিবাজী এবং তাঁর স্ত্রী লক্ষ্মীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকত। গত শনিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরে শিবাজী তাঁর স্ত্রীকে আমিষ পদ রান্না করার অনুরোধ করেন। কিন্তু লক্ষ্মী তা রান্না করতে অস্বীকার করায় দুইজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়।

বিতর্ক একসময় হাতাহাতির পর্যায়ে পৌঁছালে লক্ষ্মী ধৈর্য হারিয়ে ঘর থেকে একটি ধারালো কাস্তে বের করে আনেন। এরপর শিবাজীর ঘাড়ে ও গলায় এলোপাথাড়ি কোপ বসাতে শুরু করেন তিনি। ফিনকি দিয়ে রক্ত ছুটতে থাকে শিবাজীর শরীর থেকে। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

অনাথ দুই শিশু, স্তম্ভিত এলাকাবাসী

এই ঘটনার সবচেয়ে করুণ দিক হলো শিবাজী ও লক্ষ্মীর দুই সন্তান। একজনের বয়স মাত্র এক বছর, অন্যজনের দুই। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশুদের চোখের সামনেই তাদের মা বাবাকে কুপিয়ে খুন করেছে। বর্তমানে বাবা মৃত এবং মা পুলিশি হেফাজতে। মা-বাবা থাকতেও কার্যত অনাথ হয়ে পড়া দুই শিশু এখন প্রতিবেশীদের আশ্রয়ে রয়েছে।

পুলিশি পদক্ষেপ

খবর পাওয়া মাত্রই কামারেড্ডি জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিবাজীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত স্ত্রী লক্ষ্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক বিবাদ যে কত দ্রুত প্রাণঘাতী হয়ে উঠতে পারে, এই ঘটনাটি তারই এক বীভৎস উদাহরণ হয়ে থাকল।

Samrat Das
  • Samrat Das