“উল্টো ঝুলিয়ে সিধে করা হবে!” বেহালার রোড-শো থেকে মমতার গুন্ডাদের চরম দাওয়াই শাহের

বুধবার দ্বিতীয় দফার ভোট। তার আগে শেষ লগ্নের প্রচারে এসে বঙ্গ রাজনীতির পারদ সপ্তমে চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বেহালার মেগা রোড-শো থেকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে শাহ জানালেন, ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের পরিস্থিতি বদলে যাবে। যাঁরা ভোটে কারচুপি বা অশান্তি করার চেষ্টা করবেন, তাঁদের জন্য তৈরি থাকছে জেল।

“উল্টো ঝুলিয়ে সোজা করার” দাওয়াই: বেহালার সভায় দাঁড়িয়ে শাহের হুঙ্কার, “দ্বিতীয় দফার ভোটে হাত লাগালে ৪ মে-র পর জেলের ভেতরে থাকতে হবে। ৫ তারিখের পর যদি কেউ সাধারণ মানুষকে হেনস্থা করে, তবে তাদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে।” এর আগেও অপরাধীদের দমনে এই ‘দাওয়াই’-এর কথা শোনা গিয়েছিল শাহের মুখে, এবার বাংলার মাটি থেকে সেই একই মেজাজে ধরা দিলেন তিনি।

সিন্ডিকেট ও গুন্ডাগিরি নিয়ে তোপ: তৃণমূল নেত্রীকে ব্যক্তিগত আক্রমণ শানিয়ে শাহ বলেন, “দিদি লজ্জা করুন! আপনি মহিলা হয়ে বলছেন মহিলারা ৭টার পর বেরোবেন না?” তিনি আরও যোগ করেন, রাজ্যে বিজেপি সরকার গড়লে সিন্ডিকেট রাজ এবং বালু মাফিয়াদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করা হবে। তাঁর দাবি, “দিদির গুন্ডারা এবার আর কাউকে ভয় দেখাতে পারবে না।”

প্রথম দফায় ‘১১০’ আসনের দাবি: তেহট্টের সভা থেকে অমিত শাহ এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর মতে, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে বিজেপি ইতিমধ্যেই ১১০টি আসনে জয় নিশ্চিত করে ফেলেছে। তাঁর কথায়, “প্রথম দফাতেই তৃণমূলের বিসর্জন শুরু হয়ে গেছে, এবার শুধু শেষটা দেখার অপেক্ষা।”

পাল্টা আক্রমণ ঘাসফুল শিবিরের: শাহের এই হুঁশিয়ারিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, কত ধানে কত চাল তা বাংলার মানুষই বিজেপিকে বুঝিয়ে দেবে।

ভোটের ৪৮ ঘণ্টা আগে শাহের এই ‘উল্টো ঝুলিয়ে সিধে করার’ দাওয়াই কি সত্যিই কাজ করবে? নাকি ভোটাররা অন্য রায় দেবেন? উত্তর মিলবে আগামী ৪ মে।

Samrat Das
  • Samrat Das