ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারস্ট্রোক’! ভোট মিটলেই অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা, দিনক্ষণ ঘোষণা মমতার!

ভোট উৎসবের মাঝেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, এপ্রিল মাসের বেতনের সঙ্গেই মিলবে ৪ শতাংশ বর্ধিত ডিএ। নির্বাচন কমিশনের আপত্তিতে এই প্রক্রিয়া কিছুটা থমকে গেলেও, কর্মচারীদের প্রাপ্য টাকা মেটাতে বদ্ধপরিকর রাজ্য সরকার।

কমিশনের ‘বাধা’ ও মুখ্যমন্ত্রীর আশ্বাস

গত ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার, যা ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। আমডাঙার নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়িয়েছি। কিন্তু নির্বাচন কমিশনের কারণে তা আটকে ছিল। আমাকে না জানিয়েই ফিন্যান্স সেক্রেটারি ফাইল পাঠিয়েছে আর কমিশন সেটা চেপে রেখেছে। কিন্তু চিন্তা নেই, আমি কথা দিচ্ছি এই মাসের মাইনের সঙ্গেই আপনারা বর্ধিত টাকা পেয়ে যাবেন।”

কবে কার অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসের বেতন এবং বর্ধিত ডিএ প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে:

  • রাজ্য সরকারি কর্মচারী: আগামী ২৯ এপ্রিল অ্যাকাউন্টে ঢুকবে বেতন।

  • পঞ্চায়েত, পুরসভা ও লাইব্রেরি কর্মী: আগামী ৩০ এপ্রিল টাকা পাবেন।

  • পেনশনভোগী ও সাম্মানিক প্রাপক: আগামী ২ মে তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে।

কর্মচারী মহলে স্বস্তির হাওয়া

রাজ্যে নির্বাচনের ঠিক দু’দিন আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বাজেট ঘোষণার পর থেকে ডিএ-র প্রতিফলন বেতন স্লিপে না হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছিল কর্মী মহলে। মুখ্যমন্ত্রীর এদিনের আশ্বাসে সেই অসন্তোষ অনেকটাই প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “কমিশন বাধা না দিলে আরও আগেই আপনারা এই সুবিধা পেতেন।” সব মিলিয়ে নির্বাচনের শেষলগ্নে ডিএ নিয়ে এই ঘোষণা রাজ্য রাজনীতির ময়দানে নতুন মাত্রা যোগ করল।