বাজিমাত করল এথার এনার্জি! ৬ লক্ষ বিক্রির মাইলফলক ছুঁয়ে কাঁপিয়ে দিল ভারতের ইলেকট্রিক স্কুটার বাজার!

ভারতীয় বাজারে ইলেকট্রিক টু-হুইলারের জয়যাত্রা অব্যাহত। এবার এক বিশাল মাইলফলক স্পর্শ করল দেশের অন্যতম শীর্ষ ই-স্কুটার নির্মাতা সংস্থা এথার এনার্জি (Ather Energy)। সরকারি তথ্য প্ল্যাটফর্ম ‘বাহন পোর্টাল’-এর পরিসংখ্যান অনুযায়ী, এথারের মোট বিক্রি ৬ লক্ষ ইউনিটের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে ৬০৪,৯৯৭ ইউনিট বিক্রি করে ভারতের সেরা তিনটি ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ডের তালিকায় জায়গা মজবুত করে নিল এই সংস্থা।

মন্থর শুরু থেকে আকাশছোঁয়া সাফল্য
২০১৮ সালে যাত্রা শুরু করলেও প্রথম কয়েক বছর এথারের গতি ছিল কিছুটা ধীর। বিশেষ করে অতিমারির কোপে ২০২০-২১ সালে বিক্রি ধাক্কা খায়। তবে ২০২২ সাল থেকে ঘুরে দাঁড়ায় সংস্থাটি।

২০২২: ৫১,৮১১ ইউনিট বিক্রি।

২০২৩: একলাফে বিক্রি পৌঁছায় ১,২৬,০০০ ইউনিটে।

২০২৫: ৫৯% প্রবৃদ্ধি নিয়ে ২,০১,১২৯ ইউনিট স্কুটার বিক্রি হয়।

২০২৬ (বর্তমান): বছরের শুরু থেকে ২২ এপ্রিলের মধ্যেই ৯৯,১৫৯ ইউনিট বিক্রি করে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে এথার।

বিক্রির হিরো: আথার রিজটা (Ather Rizta)
এথারের মোট বিক্রির সিংহভাগ—প্রায় ৭০-৭৫% আসছে তাঁদের নতুন মডেল ‘রিজটা’ থেকে। টিভিএস আইকিউব এবং বাজাজ চেতকের মতো প্রতিপক্ষকে টেক্কা দিতেই এই ফ্যামিলি স্কুটার বাজারে আনা হয়েছে।

আকর্ষণের কেন্দ্রবিন্দু BaaS মডেল: গ্রাহকদের পকেটের কথা ভেবে এথার নিয়ে এসেছে ‘ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস’ (BaaS) সুবিধা। এর ফলে ১.১৬ লক্ষ টাকার স্কুটার গ্রাহকরা কিনতে পারছেন মাত্র ৭৬,০০০ টাকায় (এক্স-শোরুম)। ব্যাটারির খরচ মাসিক কিস্তিতে দেওয়ার সুবিধা থাকায় সাধারণ মানুষের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

আগামী দিনের পরিকল্পনা: বড় ধামাকা আসছে!
চাহিদা মেটাতে এথার এখন তাঁদের উৎপাদন ক্ষমতা কয়েক গুণ বাড়ানোর পথে। হোসুরের দুটি প্ল্যান্টের পাশাপাশি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে তৃতীয় একটি মেগা প্ল্যান্ট তৈরি হচ্ছে। লক্ষ্য হলো বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪.২ লক্ষ থেকে বাড়িয়ে সরাসরি ১৪.২ লক্ষ ইউনিটে নিয়ে যাওয়া।

পাশাপাশি, দেশের আনাচে-কানাচে পৌঁছে যেতে এথার তাদের এক্সপেরিয়েন্স সেন্টারের সংখ্যা ৫০০ ছাড়িয়ে দ্রুত ৭০০-র দিকে নিয়ে যাচ্ছে। চার্জিং পরিকাঠামো এবং শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে আগামীর ইলেকট্রিক রেসে এথার যে অনেকটা এগিয়ে, তা এখন স্পষ্ট।