মে মাসের লু-এর মাঝেও ছুটবে ‘প্যালেস অন হুইলস’! ৪৫ বছরে প্রথমবার ইতিহাস গড়ছে ভারতের এই রাজকীয় ট্রেন

রাজস্থানের রাজকীয় ঐতিহ্যের ধারক ‘প্যালেস অন হুইলস’ এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিল। গত সাড়ে চার দশকে যা কখনও ঘটেনি, তাই হতে চলেছে এবার। মে মাসের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই পর্যটকদের নিয়ে রাজস্থান ভ্রমণে বেরোচ্ছে এই রাজকীয় ট্রেন। সাধারণত শীতকালীন পর্যটনের জন্য পরিচিত এই ট্রেনটি অফ-সিজনে চালিয়ে নতুন নজির গড়তে চাইছে প্রশাসন।

বিশেষ বুকিংয়ে যাত্রী কারা?
জানা গেছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের ৮৪ জন সদস্যের জন্য বিশেষভাবে পুরো ট্রেনটি বুক করেছে। ২০শে মে দিল্লি থেকে শুরু হবে এই সফর এবং ২১শে মে সকালে এটি জয়পুরে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে বিদেশি পর্যটক কমলেও, এই ধরনের দেশি চার্টার ট্রিপ রাজস্থানের পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

মেনুতে ‘কুল’ চমক:
তীব্র গরমের হাত থেকে যাত্রীদের স্বস্তি দিতে ট্রেনের অন্দরসজ্জার পাশাপাশি খাবারের মেন্যুতেও আনা হয়েছে আমূল পরিবর্তন। প্রধান শেফ রাজেন্দ্র জানান, প্রতিটি স্টেশনে যাত্রীদের জন্য থাকবে বিশেষ ঠান্ডা পানীয় ও খাবার:

সাওয়াই মাধোপুরে: ম্যাঙ্গো পান্না।

চিতোরগড়ে: ঠান্ডা গোলাপ ক্ষীর।

উদয়পুরে: সুস্বাদু ঠান্ডাই।

জয়সলমীরে: রিফ্রেশিং অরেঞ্জ ড্রিংক।

জয়পুরে: লস্যি, কুলফি এবং ফালুদা।

টিকিটের আকাশছোঁয়া দাম:
‘প্যালেস অন হুইলস’ ভারতের অন্যতম ব্যয়বহুল ট্রেন। এর ভাড়ার তালিকা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য:

প্রেসিডেন্সিয়াল স্যুট: পুরো প্যাকেজের (৭ রাত ৮ দিন) খরচ প্রায় ১৮.৭ লক্ষ টাকা।

সুপার ডিলাক্স কেবিন: সম্পূর্ণ ট্যুরের জন্য লাগে প্রায় ১৩.৬ লক্ষ টাকা।

ডিলাক্স কেবিন (একক যাত্রী): খরচ প্রায় ৭.৭ লক্ষ টাকা।

পর্যটন বিশেষজ্ঞদের মতে, অফ-সিজনে এই ধরনের উদ্যোগ স্থানীয় হোটেল ব্যবসা এবং ছোট ব্যবসায়ীদের আর্থিক সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে। মরুভূমির ধুলো ও গরমের মাঝেও এই রাজকীয় সফর পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।