পাম্পে গেলেই মিলছে ১ লিটার পেট্রোল একদম ফ্রি! হাহাকারের মাঝে তিরুপতির ব্যবসায়ীর কাণ্ডে তাজ্জব নেটপাড়া

গোটা রাজ্য জুড়ে যখন জ্বালানির হাহাকার, তখন এক অভিনব নজির গড়লেন অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার থানাপল্লি এলাকার এক পেট্রোল পাম্প মালিক। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দু-চাকার চালকদের এক লিটার করে পেট্রোল বিনামূল্যে দিচ্ছেন তিনি। পাম্পের মালিক রাজেশ রেড্ডির এই মানবিক উদ্যোগের খবর চাউর হতেই সেখানে মানুষের লম্বা লাইন পড়ে গিয়েছে।

রাজ্যে জ্বালানি সংকটের চিত্র:
বর্তমানে অন্ধ্রপ্রদেশের ৪,৫১০টি পেট্রোল পাম্পের মধ্যে প্রায় ৪২১টি পাম্পে হয় তেল শেষ, নয়তো মজুত তলানিতে। অনেক জায়গায় পাম্পের ডিসপ্লে বোর্ড উল্টে দেওয়া হয়েছে, যা সরবরাহের ঘাটতির স্পষ্ট ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে, সাধারণ সময়ের তুলনায় পেট্রোল ও ডিজেলের ব্যবহার হঠাৎ ৫০ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে।

পরিসংখ্যান কী বলছে?
জ্বালানির চাহিদার এই উল্লম্ফন দেখে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।

পেট্রোল: দৈনিক বিক্রি ৬,৩৩০ কিলোলিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০,৩৪৫ কিলোলিটারে।

ডিজেল: ৯,০৪৮ কিলোলিটার থেকে বেড়ে পৌঁছেছে ১৪,১৫৬ কিলোলিটারে।

কেন এই আকস্মিক হাহাকার?
প্রশাসনের দাবি, এই পরিস্থিতির পেছনে বড় কারণ হলো ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে কেনাকাটা করা। সম্ভাব্য যুদ্ধ বা তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো কিছু গুজব ছড়িয়ে পড়ায় মানুষ তড়িঘড়ি পাম্পে ভিড় করছেন। সরকার সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।

এমন এক সংকটময় মুহূর্তে রাজেশ রেড্ডির মতো ব্যবসায়ীর এই উদারতা তিরুপতিবাসীর কাছে আশীর্বাদের মতো হয়ে দাঁড়িয়েছে। পাম্প মালিকের বক্তব্য, “মানুষ বিপদে পড়েছেন, এই সামান্য সাহায্যের মাধ্যমে তাঁদের একটু স্বস্তি দেওয়াই আমার লক্ষ্য।”