পাহাড়ের কোলে এক টুকরো স্বর্গ! উত্তরবঙ্গের এই অচেনা গ্রামে মিলবে চরম শান্তি, কোথায় এটি?

সামনেই গরমের ছুটি। আর এই সময়ে পাহাড়ের টানে উত্তরবঙ্গে পর্যটকদের ঢল নামে। কিন্তু বর্তমানে দার্জিলিং বা কালিম্পং শহরের চেনা কোলাহলে আর সেই নিস্তব্ধতা কোথায়? আপনি যদি কোলাহল এড়িয়ে নির্জনে কয়েকটা দিন প্রকৃতির কোলে কাটাতে চান, তবে আপনার জন্য সেরা গন্তব্য হতে পারে উত্তরবঙ্গের এক স্বল্প পরিচিত রত্ন— ‘ফুরুন গাঁও’।
কেন যাবেন ফুরুন গাঁও?
পেডং-এর কাছেই অবস্থিত এই সুন্দর গ্রামটি মূলত তাঁদের জন্য, যাঁরা নির্জনতা আর পাহাড়ের সান্নিধ্য ভালোবাসেন। এখানে পৌঁছলেই আপনার সঙ্গী হবে সবুজ পাহাড়, নীল আকাশ আর নাম না জানা হাজারও পাখির ডাক। কুয়াশায় ঢাকা পাহাড়ের রূপ আর মেঘেদের লুকোচুরি খেলা— সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ।
কীভাবে যাবেন?
প্রথমে নিউ জলপাইগুড়ি (NJP) বা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে আপনাকে পৌঁছতে হবে কালিম্পং। সেখান থেকে ঋষি রোড ধরে প্রায় ১৫ কিলোমিটার গেলেই পাবেন আলগারাহ। আলগারাহ থেকে পেডং-ঋষি রোড ধরে এগোলেই হাতের নাগালে চলে আসবে ছবির মতো সুন্দর ফুরুন গাঁও।
কী করবেন সেখানে?
এই গ্রামটির মূল আকর্ষণ হলো ‘কিছু না করা’। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে পাহাড়ের দিকে তাকিয়ে শুধু বসে থাকা, বই পড়া কিংবা গ্রামের আঁকাবাঁকা পথে হাঁটাহাঁটি করা। পাহাড়ি সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য আপনার ট্রিপে সেরা পাওনা হতে পারে। এছাড়াও স্থানীয় মানুষের সহজ-সরল জীবনযাত্রা আর পাহাড়ের আদি অকৃত্রিম রূপ আপনার মন ভালো করে দেবেই।
অফবিট ভ্রমণের তালিকায় এই নতুন চমকটি আপনার আগামী গরমের ছুটির পরিকল্পনাকে করে তুলতে পারে এক্কেবারে অন্যরকম। শহরের ভিড় ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে প্রাণভরে শ্বাস নিতে আজই ভেবে রাখুন ফুরুন গাঁও-এর কথা।