দাদাগিরিতে বড় ধামাকা! সৌরভের জায়গায় এবার দেব, ১২৫ কোটির চুক্তিতে ‘দাদা’র নতুন ঠিকানা কোথায়?

বাংলার টেলিভিশন জগতের সবচেয়ে বড় রদবদল! দীর্ঘ দেড় দশকের সম্পর্ক ছিন্ন করে জি বাংলার ‘দাদাগিরি’ (Dadagiri) থেকে বিদায় নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাঁর ফেলে যাওয়া জুতোয় পা গলাতে চলেছেন টলিউড সুপারস্টার দেব। ২০২৪-এর পর দীর্ঘ বিরতি কাটিয়ে দাদাগিরির ১১তম সিজনে এবার মহারাজের বদলে দেখা যাবে ঘাটালের সাংসদ-অভিনেতাকে।
১২৫ কোটির মেগা ডিল!
সূত্রের খবর, জি বাংলার সঙ্গে সৌরভের বিচ্ছেদের নেপথ্যে রয়েছে পারিশ্রমিক সংক্রান্ত মতপার্থক্য। দাদাগিরির প্রতি সিজনে সৌরভ আনুমানিক ৩৫ কোটি টাকা নিতেন। তবে এবার স্টার জলসার সঙ্গে ৪ বছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার এক বিশাল চুক্তি সই করেছেন তিনি। এই নতুন ইনিংসে সৌরভকে দেখা যাবে ‘বিগ বস বাংলা’ এবং আরও একটি নতুন কুইজ রিয়েলিটি শো-তে। জুলাই ২০২৬ থেকেই স্টার জলসার পর্দায় শুরু হবে সৌরভের এই নয়া সফর।
সৌরভের আসনে এবার দেব?
দাদাগিরি মানেই ছিল সৌরভের সাবলীল সঞ্চালনা। তবে এবার সেই ব্যাটন যাচ্ছে দেবের হাতে। জল্পনা ছিল লিয়েন্ডার পেজ-কে নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত জি বাংলা কর্তৃপক্ষ ভরসা রেখেছেন দেবের ‘মাস আপিল’-এর ওপর। দেবের সাবলীল ব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতাই তাঁকে দাদাগিরির হট-সিটে বসার দাবিদার করে তুলেছে।
কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
নিজের জনপ্রিয় শো-এর দায়িত্ব দেবের হাতে যাওয়া নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন মহারাজ। তিনি বলেন, “শুনলাম দেব সঞ্চালনা করবে। ও নিজের স্টাইলে করবে। সবার তো নিজস্ব একটা স্টাইল আছে। দেবের জন্য আমার শুভকামনা রইল।”
টিআরপি যুদ্ধে কে জিতবে?
এতদিন দাদাগিরি মানেই ছিল সৌরভের গুগল গুগলি। এবার দেবের হাত ধরে ফরম্যাটে কী কী বদল আসে, সেটাই দেখার। অন্যদিকে, বিগ বস বাংলার হাত ধরে সৌরভ স্টার জলসাকে টিআরপি তালিকায় কতটা এগিয়ে নিয়ে যান, তা নিয়ে এখন থেকেই টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে।