“দেখুন কী রোগা হয়ে গিয়েছে!” প্রচার মঞ্চে টলি-নায়কের জন্য কেঁদে ফেললেন মমতা? নেপথ্যে আসল সত্যি!

বিধানসভা নির্বাচনের হাই-ভোল্টেজ প্রচারের আজ শেষ দিন। শেষবেলার এই প্রচার যুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নজর কাড়লেন টলিপাড়ার একঝাঁক তারকা। তবে সবার মধ্যে আলাদা করে নজর কাড়লেন বাংলা সিরিয়ালের হার্টথ্রব অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতাকে পাশে নিয়ে প্রচার মঞ্চ থেকেই তাঁর ‘কষ্টের জীবন’ নিয়ে বড় কথা শোনালেন মুখ্যমন্ত্রী।

দিব্যজ্যোতিকে দেখে আবেগপ্রবণ মমতা
মঞ্চে দিব্যজ্যোতিকে দেখে নিজের আবেগ চেপে রাখতে পারেননি তৃণমূল সুপ্রিমো। অভিনেতার শারীরিক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ”ওরা আমাদের হয়ে প্রচার করছে, আমি খুব কৃতজ্ঞ। কিন্তু দেখুন না, ছেলেটা কী রোগা হয়ে গিয়েছে! সিনেমা করতে গেলে অনেক সময় ওদের বলা হয় মোটা হতে, আবার চরিত্রের প্রয়োজনে খাওয়ার বন্ধ করে রোগা হতে হয়। খুব কষ্টের জীবন ওদের… টাকা রোজগার করলেও শরীর নিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয়।”

কেন এত ওজন ঝরিয়েছেন অভিনেতা?
আসলে দিব্যজ্যোতি এখন আর শুধু ড্রয়িং রুমের ‘ডাক্তারবাবু’ নন, তিনি এখন বড় পর্দার অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে মহাপ্রভুর চরিত্রের জন্য নিজেকে আমূল বদলে ফেলেছেন তিনি। এই ছবির জন্য এক ধাক্কায় ২০ কেজিরও বেশি ওজন কমিয়েছিলেন দিব্যজ্যোতি। সারা দিনে মাত্র একবার খাওয়া—কঠোর এই ডায়েট মেনে হাড়ভাঙা খাটুনি দিয়েছিলেন তিনি। ছবির প্রয়োজনে তাঁর এই অমানুষিক পরিশ্রমই নজর কেড়েছে মুখ্যমন্ত্রীর।

আসছে নতুন ছবি
সামনেই রয়েছে রানা সরকারের প্রযোজনায় ‘রেড ফ্ল্যাগ ভালোবাসা বেশি’ ছবি। সেখানে দিব্যাণী মণ্ডলের সঙ্গে জুটি বাঁধছেন দিব্যজ্যোতি। হাতে একগুচ্ছ কাজ থাকলেও, নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে দিদির ডাকে সাড়া দিয়ে সবুজ শিবিরের হয়ে কোমর বেঁধে প্রচারে নেমেছেন তিনি।

দিব্যজ্যোতি ছাড়াও দিগন্ত বাগচীর মতো টলিপাড়ার একাধিক মুখকে আজ তৃণমূলের সমর্থনে প্রচারে দেখা গিয়েছে। ভোট মিটলেই ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরবেন তারকারা, তবে তার আগে রাজনীতির ময়দান কাঁপাচ্ছেন তাঁরা।