“মানুষটা অসুস্থ, উগ্রপন্থী!” খুনি অ্যালেনের ইশতেহার পড়ে বিস্ফোরক ডোনাল্ড ট্রাম্প

ফের একবার সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির বার্ষিক ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’-এ হিলটন হোটেলে কোল টমাস অ্যালেন নামক এক আততায়ীর হামলায় কেঁপে ওঠে গোটা মার্কিন প্রশাসন। সোমবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন খোদ ট্রাম্প। হামলাকারীকে ‘উগ্রপন্থী’ এবং ‘মানসিকভাবে অসুস্থ’ বলে তোপ দেগেছেন তিনি।

আততায়ীর ডায়েরিতে ‘খ্রিস্টান-বিরোধী’ মতাদর্শ
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি হামলাকারী কোল টমাস অ্যালেনের একটি ‘ম্যানিফেস্টো’ বা ইশতেহার পড়েছেন। ট্রাম্পের কথায়, “সে একসময় খ্রিস্টধর্মে বিশ্বাসী থাকলেও পরে ভয়ঙ্করভাবে ধর্মবিরোধী হয়ে ওঠে। ওর পরিবারও ওর মানসিক অস্থিরতা নিয়ে চিন্তিত ছিল। লোকটা অত্যন্ত অসুস্থ এবং উগ্রপন্থী হয়ে গিয়েছিল।” জানা গেছে, হামলার আগেই অ্যালেনের পরিবার প্রশাসনকে সতর্ক করেছিল।

হিলটনের সেই রুদ্ধশ্বাস মুহূর্ত
শনিবারের সেই জাঁকজমকপূর্ণ ডিনারে আচমকাই নিরাপত্তা বেষ্টনী ভেঙে গুলি চালায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন। মুহূর্তে শোরগোল পড়ে যায়। ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিসের এজেন্টরা চিৎকার করে বলছিলেন, “স্যার, নিচু হন!”

প্রেসিডেন্টের বয়ানে সেই মুহূর্ত:

“আমি প্রথমে পরিস্থিতি বুঝতে চাইছিলাম। মাঝপথে আসতেই এজেন্টরা বলেন, ‘মেঝেতে শুয়ে পড়ুন’। আমি আর ফার্স্ট লেডি মেলানিয়া দুজনেই মেঝেতে শুয়ে পড়ি। আমি দেখতে চেয়েছিলাম ঠিক কী ঘটছে, তাই কিছুটা দেরিও হয়েছিল।”

“বাজপাখির মতো ক্ষিপ্র হামলাকারী”
হামলাকারীর গতিবিধি দেখে বিস্মিত ট্রাম্প বলেন, “লোকটার দৌড়ানোর গতি ছিল অবিশ্বাস্য। একটা ঝাপসা আবছায়ার মতো ও এগিয়ে আসছিল।” তবে সিক্রেট সার্ভিসের প্রশংসা করে তিনি বলেন, “আমি আইন প্রয়োগকারী সংস্থার বড় ফ্যান। বন্দুক দেখা মাত্রই ওরা ড্র করে ওকে কাবু করে ফেলে। ওরা দারুণ পেশাদার।”

পরবর্তী পদক্ষেপ
এই হামলায় একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হলেও প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসনের শীর্ষ সদস্যদেরই টার্গেট করেছিল অ্যালেন। তবে ঘটনার ভয়াবহতা কাটিয়ে ট্রাম্প ফের অনুষ্ঠানে ফিরতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন।