‘গণতন্ত্রে হিংসার স্থান নেই’,-ট্রাম্পের ওপর হামলায় গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদী

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুকবাজের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে এক্স (টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং ট্রাম্প দম্পতির নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেন।
কী লিখলেন প্রধানমন্ত্রী মোদী?
প্রধানমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন—
“ওয়াশিংটনের হোটেলে শনিবারের ঘটনার পরে আমেরিকার প্রেসিডেন্ট, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ হোয়াইট হাউসের অন্য কর্তারা সুরক্ষিত আছেন জেনে স্বস্তি পেলাম। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। দ্ব্যর্থহীন ভাবে এর নিন্দা করি।”
ভারত যে সবসময়ই গণতান্ত্রিক কাঠামোয় রাজনৈতিক হিংসার বিরোধী, মোদীর এই বার্তায় তা আরও একবার স্পষ্ট হলো।
ওয়াশিংটনে সেই আতঙ্কিত রাত
শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত বার্ষিক করেসপন্ডেন্টস ডিনারে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হাই-প্রোফাইল অনুষ্ঠানেই হঠাৎ এক বন্দুকবাজ হানা দেয়। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, গুলির শব্দ শোনা মাত্রই নিরাপত্তারক্ষীরা ট্রাম্পকে ঘিরে ধরেন এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
হামলাকারীর ছবি পোস্ট করলেন ট্রাম্প
ঘটনার কিছু সময় পরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিযুক্ত যুবকের একটি ছবি পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে দেখা গিয়েছে, অভিযুক্তকে হাত-পা বাঁধা অবস্থায় খালি গায়ে উপুড় করে শুইয়ে রাখা হয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রাম্প নিশ্চিত করেছেন যে, তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন।
প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান এই নক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন। ওয়াশিংটনের এই শ্যুটআউট কাণ্ডে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।