ট্রাম্পকে লক্ষ্য করে গুলি? হোয়াইট হাউস ডিনারে রক্তক্ষয়ী হামলার ছক!

মার্কিন রাজনীতির ইতিহাসে এক রুদ্ধশ্বাস ও আতঙ্কিত রাতের সাক্ষী থাকল ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনার অনুষ্ঠান চলাকালীন হিলটন হোটেলের ভেতরে গুলির শব্দে ছড়িয়ে পড়ল তীব্র চাঞ্চল্য। প্রাণনাশের আশঙ্কায় দ্রুত অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-কে। নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সকেও।
যেভাবে শুরু হল আতঙ্ক
শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে যখন সাংবাদিক ও বিশিষ্ট অতিথিদের সঙ্গে নৈশভোজে ব্যস্ত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, ঠিক তখনই হোটেলের ওপরতলার একটি ঘর থেকে গুলির শব্দ ভেসে আসে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, গুলির শব্দ পাওয়া মাত্রই কয়েক ডজন সিক্রেট সার্ভিস এজেন্ট ট্রাম্পকে ঘিরে ফেলেন এবং তাঁকে দ্রুত স্টেজ থেকে নামিয়ে নিয়ে যান।
নিরাপত্তার চাদরে হিলটন হোটেল
হামলার সময় বলরুমে উপস্থিত ছিলেন প্রায় ২,৬০০ জন অতিথি। গুলির শব্দে আতঙ্কিত হয়ে অনেকেই ডাইনিং টেবিলের নিচে আশ্রয় নেন। হোটেলের কর্মীদের মধ্যেও ছোটাছুটি শুরু হয়ে যায়। সিক্রেট সার্ভিসের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনায় কোল টমাস অ্যালেন (৩১) নামে এক সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে বন্দুক ও ছুরি উদ্ধার হয়েছে বলে খবর।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের বার্তা
ঘটনার কিছু সময় পরেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ মুখ খোলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন—
“আজ সন্ধ্যায় ডিসি-তে পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। সিক্রেট সার্ভিস এবং নিরাপত্তা সংস্থাগুলো চমৎকার কাজ করেছে। তারা অসাধারণ সাহস ও তৎপরতা দেখিয়েছে। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও জানান যে তিনি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন, তবে নিরাপত্তার খাতিরেই তড়িঘড়ি হোয়াইট হাউসে ফিরে যেতে হয়েছে তাঁদের।
তদন্তে এফবিআই
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই (FBI) এবং মেট্রোপলিটান পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এক নিরাপত্তা কর্মী বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় বড় চোট থেকে বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে ট্রাম্প দম্পতি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।