ট্রাম্পকে মারতে শটগান-ছুরি নিয়ে হোটেলে ঢুকেছিল ৩১ বছরের যুবক, কে এই কোল টমাস?

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুকবাজের হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত আততায়ীর নাম কোল টমাস অ্যালেন (৩১)। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই যুবক হোটেলের আঁটসাঁট নিরাপত্তা এড়িয়ে কীভাবে খোদ প্রেসিডেন্টের নাগালে পৌঁছে গেল, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। হামলার পর অভিযুক্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, যেখানে দেখা যাচ্ছে হাত-পা বাঁধা অবস্থায় খালি গায়ে মাটিতে পড়ে রয়েছে ওই যুবক।
ভাষণের ঠিক আগেই শ্যুটআউট!
ঘটনার সময় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে অন্তত ২৬০০ জন অতিথি উপস্থিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্প জানান, “আমার যখন ভাষণ দিতে ওঠার কথা, ঠিক তার আগের মুহূর্তেই হামলা হয়। পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে পারত। যে স্ক্রিপ্টটা নিয়ে আমি মঞ্চে উঠতে যাচ্ছিলাম, সেটা খুব খারাপ ছিল, আমি ওটা ছিঁড়েই ফেলতে যাচ্ছিলাম।”
কী ছিল সিসিটিভি ফুটেজে?
হামলার পর ট্রাম্প একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন। সেখানে দেখা গিয়েছে:
-
মেটাল ডিটেক্টর এড়াতে হোটেলের বলরুম দিয়ে দ্রুতগতিতে ছুটছে কোল টমাস।
-
তাকে রুখতে বন্দুক তাক করেন দুই নিরাপত্তারক্ষী।
-
পুলিশ আধিকারিক জেফ্রি ক্যারল জানিয়েছেন, আততায়ীর কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল।
-
আততায়ীর চালানো গুলিতে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক জখম হয়েছেন। পালটা তিনটি গুলি চালিয়ে তাকে কাবু করেন নিরাপত্তারক্ষীরা।
পেশাদার খুনি নাকি অন্য কিছু?
পুলিশি তদন্তে জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার ওই যুবক ওই হোটেলেই অতিথি হিসেবে থাকছিল। তবে ইতিপূর্বে পুলিশের খাতায় তার কোনও অপরাধের রেকর্ড মেলেনি। কেন সে প্রেসিডেন্টের ওপর হামলার ছক কষেছিল, তা এখনও স্পষ্ট নয়। সোমবার তাকে আদালতে হাজির করানো হবে।
নিন্দায় সরব প্রধানমন্ত্রী মোদী
ট্রাম্পের ওপর এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।” তিনি আহত নিরাপত্তারক্ষীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বর্তমানে ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিরাপদ রয়েছেন। হামলার সময় বলরুমের ভেতরে উপস্থিত আমন্ত্রিতদের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি।