বিজেপিতে যেতেই ৪.৫ লাখ ফলোয়ার হারালেন রাঘব! এবার ‘চাড্ডি’ বলে বিঁধলেন দক্ষিণী সুপারস্টার প্রকাশ রাজ

আম আদমি পার্টি (আপ) ছেড়ে রাঘব চাড্ডার বিজেপিতে যোগদান নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। দিল্লির এই নাটকীয় রাজনৈতিক পালাবদলের আবহেই এবার আগুনে ঘি ঢাললেন দক্ষিণী মেগাস্টার প্রকাশ রাজ। বরাবরই বিজেপি-বিরোধী বলে পরিচিত এই অভিনেতা সামাজিক মাধ্যমে একটি অত্যন্ত কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক মিম শেয়ার করে রাঘবকে সরাসরি আক্রমণ করেছেন।

মিমে ঠিক কী লিখেছেন প্রকাশ রাজ? নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন প্রকাশ রাজ, যেখানে রাঘব চাড্ডাকে নিয়ে লেখা ছিল:

“আমি পুলিশের চাকরি ছাড়ছি কারণ পুলিশ তাদের নীতিগত আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তাই আমি এখন দাউদ ইব্রাহিমের দলে নাম লেখালাম— ইতি রাঘব চাড্ডি (বানান অপরিবর্তিত)।”

অভিনেতা এই মিমটি পোস্ট করে পাশে হাসির ইমোজি এবং তাঁর সিগনেচার হ্যাশট্যাগ #justasking ব্যবহার করেছেন। অর্থাৎ, রাঘব যে আদর্শের দোহাই দিয়ে দলবদল করেছেন, তাকেই আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের গ্যাং-এ যোগ দেওয়ার সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষ করেছেন তিনি।

রাঘব চাড্ডার যুক্তি বনাম নেটপাড়ার ক্ষোভ: রাঘব চাড্ডা শুক্রবার বিজেপিতে যোগ দিয়ে জানিয়েছিলেন যে, আপ তাদের মূল আদর্শ থেকে সরে যাওয়ায় তিনি “ভুল দলে সঠিক লোক” হিসেবে থাকতে চাইছিলেন না। তবে তাঁর এই যুক্তি মানতে নারাজ প্রকাশ রাজ ও ধ্রুব রাঠীর মতো ইনফ্লুয়েন্সাররা। অন্যদিকে, প্রকাশ রাজের এমন মন্তব্যে খেপেছেন বিজেপি সমর্থকরা। অনেকে অভিনেতাকে তাঁর ভাষা সংযত করার পরামর্শ দিয়ে পাল্টাধাওয়া করেছেন।

বিপাকে রাঘব? রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, বিজেপিতে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে সমাজমাধ্যমে প্রায় সাড়ে চার লক্ষ ফলোয়ার হারিয়েছেন রাঘব চাড্ডা। তার ওপর প্রকাশ রাজের এই ‘দাউদ ইব্রাহিম’ মিম বিতর্ককে আরও উসকে দিয়েছে।