অধিকারীদের গড়ে অভিষেকের অভিষেক! মেদিনীপুরের ব্যাটন ভাইপোর হাতে দিয়ে বড় ঘোষণা মমতার!

মঙ্গলবার হলদিয়ার হাই-ভোল্টেজ প্রচার মঞ্চ থেকে অধিকারী পরিবারের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে নেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, মেদিনীপুর দেখভালের গুরুদায়িত্ব এবার থেকে সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেককে লড়তে পারো না, আর আমাকে!

শুভেন্দু অধিকারীর নাম না করে এদিন মেজাজ হারান মমতা। তিনি বলেন, “অভিষেককে রোজ গালাগালি দেয়। ওকে তো লড়তে পারো না, আর আমাকে লড়বে? আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে। আমি তো থাকবই, কিন্তু ওর ওপর দায়িত্ব দিয়ে গেলাম।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেদিনীপুরকে ‘অধিকারী-মুক্ত’ করার লক্ষ্যেই এই বড় চাল চাললেন নেত্রী।

পরিবারতন্ত্র নিয়ে পাল্টা তোপ

অধিকারী পরিবারের ‘পরিবারতন্ত্র’ নিয়ে বিঁধে মমতা বলেন:

  • “তোমাদের এত অহঙ্কার? এক ভাই সাংসদ, তুমি বিধায়ক, আরেক ভাইও রাজনীতিতে! পুরো পরিবারটাকে ঢেলে দিয়েছ।”

  • নিজের পরিবারের তুলনা টেনে তিনি বলেন, “আমাদের পরিবারে আমি ছাড়া আর কেউ বিধানসভা ভোটে দাঁড়ায়নি।”

টাকা কোথায় যায় সব জানি!

হলদিয়া বন্দর ও শিল্পাঞ্চলের টাকা কোথায় যায়, সেই ইঙ্গিত দিয়ে শুভেন্দুকে বিঁধেছেন মমতা। পাশাপাশি ‘লোডশেডিং’ করে গতবার ভোট লুটের যে অভিযোগ তিনি করে আসছেন, এদিনও সেই প্রসঙ্গ তুলে ফের হুঁশিয়ারি দেন।

প্রশাসনকে সতর্কবার্তা

পুলিশ ও প্রশাসনের একাংশের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “কারও প্রলোভন বা টাকা নিয়ে একতরফা কাজ করবেন না। আমরা সবার নাম, ঠিকানা, নম্বর রাখছি। আইন আইনের পথে চলবে।”