নন্দীগ্রামে মাঝরাতে তুলকালাম! টাকা বিলির অভিযোগে গ্রেফতার শেখ সুফিয়ানের জামাই, ভিডিও ঘিরে তোলপাড়!

প্রথম দফার ভোটের আগে খবরের শিরোনামে আবারও সেই নন্দীগ্রাম। সোমবার রাতে মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় ভোটারদের টাকা বিলি করার অভিযোগ উঠল তৃণমূল প্রধান শেখ হাবিবুল রহমান ওরফে নান্টুর বিরুদ্ধে। দীর্ঘ নাটকীয়তার পর মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। উল্লেখ্য, ধৃত হাবিবুল নন্দীগ্রামের হেভিওয়েট তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই।
হাতেনাতে পাকড়াও?
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে একটি বুথ এলাকায় প্রচার সারছিলেন হাবিবুল। অভিযোগ, সেই সময় গোপন কোনো বৈঠকে ভোটারদের হাতে নগদ টাকা তুলে দিচ্ছিলেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বিজেপি কর্মীরা। শুরু হয় দু’পক্ষের মধ্যে তুমুল বচসা ও হাতাহাতি। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (সত্যতা যাচাই করেনি ডেইলিয়ান্ট), যেখানে হাবিবুলকে সাফাই দিতে শোনা যাচ্ছে। বিজেপি কর্মীদের দাবি, তাঁরা তৃণমূল নেতাকে টাকা সমেত হাতেনাতে ধরে ফেলেছেন।
রাজনৈতিক তরজা তুঙ্গে
এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপি নেতা ধনঞ্জয় খাঁড়া কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “এভাবে টাকা দিয়ে ভোট কেনা যাবে না। সময়ের অপেক্ষা, ৪ তারিখের পর ইভিএম খুললেই ওদের অবস্থা বোঝা যাবে।” পাল্টা প্রতিক্রিয়ায় জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, আসন্ন ভোটে পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি ষড়যন্ত্র করে পুলিশকে দিয়ে হাবিবুলকে ফাঁসিয়েছে। এটি নিছকই রাজনৈতিক প্রতিহিংসা।
এলাকায় থমথমে পরিস্থিতি
মঙ্গলবার সকালে হাবিবুলকে হলদিয়া মহকুমা আদালতে পেশ করার কথা। তাঁর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নন্দীগ্রামের বিভিন্ন স্পর্শকাতর মোড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে।