বেলডাঙা মামলা: ১৫ অভিযুক্তের জামিন রুখতে এবার ডিভিশন বেঞ্চে NIA! আগামীকাল হাইকোর্টে হাই-ভোল্টেজ শুনানি

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় এবার সরাসরি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বিশেষ আদালত কর্তৃক ১৫ জন অভিযুক্তের বিধিবদ্ধ জামিন মঞ্জুর করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থাটি। আগামীকাল, মঙ্গলবার এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে।

কেন এই আইনি সংঘাত?
বেলডাঙা মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সংস্থাটি এই ঘটনায় UAPA ধারায় মামলা রুজু করে। নিয়ম অনুযায়ী, সাধারণ মামলায় ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা না পড়লে অভিযুক্তরা জামিন পেতে পারেন। চার্জশিট জমা না পড়ায় বিশেষ আদালত সেই ভিত্তিতেই অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছিল।

কিন্তু এনআইএ-র দাবি, যেহেতু এটি UAPA ধারার মামলা, তাই চার্জশিট দাখিলের জন্য তদন্তকারী সংস্থা ১৮০ দিন সময় পায়। বিশেষ আদালতকে বিষয়টি জানানো হলেও জামিন দেওয়া হয়েছে, যা নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ এনআইএ।

রাজ্য পুলিশ বনাম এনআইএ:
এই মামলার তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই রাজ্য পুলিশের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র অভিযোগ তুলেছিল এনআইএ। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল বেলডাঙা। ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে শুরু করে সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ:
ইতিমধ্যেই এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সর্বোচ্চ আদালত মামলাটি পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় এবং এই ঘটনায় আদেও UAPA ধারার প্রয়োজন আছে কি না, তা হাইকোর্টের ওপরই ছেড়ে দেয়। সেই রিপোর্ট প্রদানের প্রক্রিয়া চলাকালীনই চার্জশিট দাখিলের সময়সীমা নিয়ে তৈরি হলো নতুন জটিলতা।

আগামীকাল ডিভিশন বেঞ্চ এনআইএ-র আর্জি মেনে জামিন স্থগিত করে কি না, এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির।