সংসদে ধাক্কা খেয়েই রণংদেহী মোদি! বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘ভুল করেছ, মূল্য দিতে হবে’

লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশ না হওয়া নিয়ে এবার সরাসরি যুদ্ধের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের বাধা প্রদানকে স্রেফ রাজনৈতিক জয় হিসেবে দেখতে নারাজ তিনি। বরং সুর চড়িয়ে মোদি স্পষ্ট করে দিয়েছেন, দেশের মহিলাদের উন্নয়নের পথে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য এই ভুল ঐতিহাসিক হয়ে থাকবে।

শনিবার পার্লামেন্ট হাউসে নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কড়া মেজাজে ধরা দেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, বিল পতন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ওদের (বিরোধীদের) এর জন্য চড়া মূল্য দিতে হবে। ওরা যে ভুলটা করেছে, তা সারা জীবন আফসোসের কারণ হয়ে দাঁড়াবে।”

গ্রামাঞ্চলে পৌঁছবে ‘নারী বিরোধী’ তকমা

প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, সংসদে এই হারকে তিনি রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে চলেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এখন বিরোধীরা নিজেদের ভুল ঢাকার চেষ্টা করছে, কিন্তু বিজেপি হাত গুটিয়ে বসে থাকবে না। মোদি বলেন, “আমরা প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে বলব যে বিরোধীরা আদতে নারী বিরোধী। ওরা মেয়েদের ক্ষমতায়নে বাধা দিচ্ছে।”

সংখ্যায় কোথায় আটকে গেল বিল?

সংসদের বিশেষ অধিবেশনে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পেশ করেছিল সরকার। শুক্রবার ভোটাভুটিতে দেখা যায়:

  • মোট ভোটদাতা সাংসদ: ৫২৮ জন

  • বিল পাশের জন্য প্রয়োজনীয় ভোট (দুই-তৃতীয়াংশ): ৩৫২টি

  • বিলের পক্ষে ভোট পড়েছে: ২৯৮টি

  • বিপক্ষে ভোট: ২৩০টি

সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেও সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার থেকে ৫৪টি ভোট পিছিয়ে থাকায় বিলটি পাশ করানো সম্ভব হয়নি।

মোদির মাস্টারপ্ল্যান?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই পরাজয় আসলে বিজেপির একটি ‘নিখুঁত প্ল্যান’-এর অংশ হতে পারে। বিলটি পাশ না হওয়ার দায় সরাসরি বিরোধীদের কাঁধে চাপিয়ে আগামী নির্বাচনে নারী ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে টানাই এখন গেরুয়া শিবিরের লক্ষ্য।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, সংসদ ভবনের অন্দরে আজ পরাজয় হলেও জনসভার ময়দানে এই ইস্যুতেই বিরোধীদের কোণঠাসা করবে শাসক দল।