৪০ ডিগ্রির ‘আগুন’ গরমে পুড়বে দক্ষিণবঙ্গ! ভোটের দিন কি নামবে স্বস্তির বৃষ্টি? জানুন আবহাওয়ার মেগা আপডেট

দক্ষিণবঙ্গবাসীর জন্য আগামী কয়েক দিন হতে চলেছে অগ্নিপরীক্ষা। একদিকে যখন ভোটপ্রচারে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, তখন পাল্লা দিয়ে চড়ছে প্রকৃতির পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিনে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। সঙ্গে দোসর হবে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি।

দক্ষিণবঙ্গের জেলাওয়ারি পূর্বাভাস
পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আজ শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। তবে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং বাড়বে গরম।

কলকাতা: সোমাবারের মধ্যে তিলোত্তমার তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে পৌঁছে যাবে।

পশ্চিমাঞ্চল: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির তাণ্ডব
দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়বে, উত্তরবঙ্গে তখন চলবে বৃষ্টির দাপট। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির (৭০-১০০ মিমি) পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা ও দুই দিনাজপুরে অবশ্য গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া?
আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। হাওয়া অফিসের অন্দরের খবর, ভোটের দিন উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিললেও গরম থেকে এখনই রেহাই পাওয়ার কোনো আশা নেই। বরং আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঘামে নাজেহাল হতে হবে ভোটার ও প্রার্থীদের।

কলকাতার বর্তমান অবস্থা
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ হওয়ায় অস্বস্তি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। আগামী মঙ্গলবার বা বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলে গরমের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সুতরাং, ২৩ তারিখ ভোটের লাইনে দাঁড়ানোর আগে ছাতা ও জলের বোতল সঙ্গে রাখতে ভুলবেন না!