“ভোটকেন্দ্রের ১০০ মিটার….?”-ভোট লুঠ রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার নজিরবিহীন কঠোর পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার প্রতিটি পোলিং বুথের ১০০ মিটারের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ টানার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সাদা চক দিয়ে বুথের বাইরে এই ১০০ মিটারের গণ্ডি নির্দিষ্ট করে দেওয়া হবে।

কী থাকছে এই গণ্ডির ভেতর? কমিশন সূত্রে খবর, এই সাদা দাগের ভেতরে শুধুমাত্র ভোটার এবং ভোটপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিক ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবেন না। রাজনৈতিক দলগুলিকে তাদের ক্যাম্প বা বুথ তৈরি করতে হবে এই গণ্ডির বাইরে। মূলত বুথের প্রবেশপথে জমায়েত এড়াতে এবং ভোটারদের ওপর প্রভাব খাটানো রুখতেই এই ‘গণ্ডি’ কৌশল।

সিসিটিভি ও ওয়েবকাস্টিংয়ে বড় বদল: এবার প্রতিটি বুথেই থাকবে ওয়েবকাস্টিং সুবিধা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, রাজ্য ও কলকাতা পুলিশের সিসিটিভি ক্যামেরাগুলির নিয়ন্ত্রণও সরাসরি নিতে পারে কমিশন। অর্থাৎ, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকেই সরাসরি সমস্ত ফুটেজ মনিটর করা হবে। কোথাও কোনো অশান্তি বা ছাপ্পা ভোটের খবর এলেই তৎক্ষণাৎ ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ভোটারদের জন্য বাড়তি সুবিধা: নিরাপত্তার পাশাপাশি ভোটারদের স্বাচ্ছন্দ্যের দিকেও নজর দিচ্ছে কমিশন।

  • মোবাইল জমা: বুথের বাইরে এবার মোবাইল জমা রাখার জন্য বিশেষ কাউন্টার তৈরি করা হচ্ছে।

  • একতলায় বুথ: বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের সুবিধার্থে প্রতিটি বুথ একতলায় করার নির্দেশ দেওয়া হয়েছে।

  • মৌলিক সুবিধা: প্রতিটি বুথে শৌচালয় ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

ভোটের ময়দানে অশান্তি রুখতে কমিশনের এই ‘সাদা দাগ’ বা লক্ষ্মণ রেখা কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।