উত্তরবঙ্গে শাহী-ঝড়! কালিয়াগঞ্জে রোড-শো সেরে গঙ্গারামপুরে মমতা-তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহের

আজ উত্তরবঙ্গজুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাইভোল্টেজ রাজনৈতিক কর্মসূচি। নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রার্থীদের সমর্থনে একগুচ্ছ জনসভা ও রোড-শো করতে আজ বাংলা সফরে তিনি। দিনের শুরুতেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে একটি বর্ণাঢ্য রোড-শো কর্মসূচিতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাস্তার দুধারে উপচে পড়া মানুষের ভিড় আর পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে গেরুয়া শিবিরের শক্তিপ্রদর্শন করেন শাহ। এরপরই তিনি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, তপন এবং কুমারগঞ্জ কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে তাঁর প্রথম জনসভাটি করেন।

গঙ্গারামপুর ব্লকের গচিহার এলাকার মাঠ থেকে রাজ্যের শাসকদল তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। দুর্নীতি ও অনুপ্রবেশ ইস্যুতে বিঁধে তিনি দাবি করেন, মোদী সরকারের হাতেই বাংলার উন্নয়ন সুরক্ষিত। গচিহারের মাঠে নিরাপত্তা ছিল নিশ্ছিদ্র। এরপর তাঁর গন্তব্য মালদহ। দক্ষিণ মালদহের মানিকচক ও মোথাবাড়ির বিজেপি প্রার্থীদের সমর্থনে মথুরাপুর বিএসএস হাইস্কুল গ্রাউন্ডে দ্বিতীয় জনসভাটি করবেন তিনি। ইতিমধ্যেই সেখানে বঙ্গ বিজেপি শিবির চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে।

আজকের এই ঝটিকা সফরের শেষ লগ্নে উত্তর মালদহের গাজোলে পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। গাজোল ও হবিবপুরের প্রার্থীদের সমর্থনে আপু দাস টোল প্লাজা সংলগ্ন স্টোন ফিল্ডের মাঠে বক্তব্য রাখবেন তিনি। মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায় বিজেপির পায়ের তলার মাটি আরও শক্ত করাই শাহের এই সফরের মূল লক্ষ্য। ইটিভি ভারত-এর মাধ্যমে কালিয়াগঞ্জের প্রভাতী সুন্দরী হাইস্কুল মাঠ থেকে শাহের রোড-শো সরাসরি সম্প্রচারিত হওয়ায় তা নিয়ে অনুরাগী ও দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।