পিংলা থেকে মমতার চরম হুঁশিয়ারি! ভোট লুট রুখতে তৃণমূলকে ‘প্যারালাল মেশিনারি’ তৈরির নির্দেশ

ভোটের মুখে উত্তপ্ত মেদিনীপুরের মাটি। মঙ্গলবার পিংলার কাঁচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠের মেগা জনসভা থেকে রণংদেহী মেজাজে ধরা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, নির্বাচনের দিন পুলিশকে ব্যবহার করে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করানো হতে পারে যাতে বুথ ফাঁকা থাকে। এই ষড়যন্ত্র রুখতে দলের কর্মীদের ‘প্যারালাল মেশিনারি’ বা বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। নেত্রীর সাফ কথা, “একজনকে অ্যারেস্ট করলে আরেকজন গিয়ে বুথে বসবেন। কাউকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না।”
এদিন তাঁর ভাষণে বড় চমক ছিল ‘বদলা’ নেওয়ার ডাক। ২০১১ সালে তাঁর স্লোগান ছিল ‘বদলা নয়, বদল চাই’। কিন্তু এবার সুর বদলে মমতা ঘোষণা করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ইভিএম-এর বোতাম টিপে বিরোধীদের যোগ্য জবাব বা ‘বদলা’ নিতে হবে। পাশাপাশি, ‘দুয়ারে সরকার’-এর পর এবার ‘দুয়ারে স্বাস্থ্য’ চালুর বড় প্রতিশ্রুতি দেন তিনি। ব্লক ও শহর স্তরে ডাক্তার ও নার্সরা গিয়ে সরাসরি মানুষের বাড়ি পৌঁছে চিকিৎসা পরিষেবা দেবেন বলে আশ্বাস দেন তৃণমূল নেত্রী।
বিজেপি ও নির্বাচন কমিশনকেও এদিন রেয়াত করেননি মমতা। ভোটার তালিকা সংশোধন (SIR) এবং ডিলিমিটেশন নিয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি এনআরসি (NRC) আতঙ্কের কথাও মনে করিয়ে দেন। উত্তরপ্রদেশের ‘বুলডোজার নীতি’ বাংলায় চলবে না বলে যোগী আদিত্যনাথকেও কড়া বার্তা দেন তিনি। বিজেপির বিরুদ্ধে টাকা বিলি করে লোক আনার অভিযোগ তুলে মমতা স্পষ্ট জানিয়ে দেন, “বাংলা থেকে এবার বিজেপির খেলা শেষ।”