এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের ওপর ‘হামলা’! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গেরুয়া শিবিরের

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই এন্টালি বিধানসভা কেন্দ্রে চড়ছে রাজনৈতিক পারদ। মঙ্গলবার ধাপা এলাকায় প্রচারে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। প্রিয়াঙ্কার দাবি, বিজেপির ইশতেহার নিয়ে প্রচার করার সময় স্থানীয় তৃণমূল মহিলা কর্মীরা তাঁকে বাধা দেন এবং বিজেপি কর্মীদের হেনস্থা করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কেন্দ্রীয় বাহিনীকে (CRPF) হস্তক্ষেপ করতে হয়।
ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, “ট্যাংরা থেকে শুরু করে তপসিয়া— সর্বত্রই তৃণমূল আমাদের আটকানোর চেষ্টা করছে। ওদের কাছে অস্ত্র ছিল, অথচ পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। এভাবে চললে সাধারণ মানুষ ভোট দিতে ভয় পাবে।” তিনি সরাসরি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন যাতে সিআরপিএফ-কে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয় এবং নিষ্ক্রিয় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রিয়াঙ্কার হুঙ্কার, “যারা যেভাবে বোঝে, তাদের সেভাবেই বোঝাতে হবে।”
উল্লেখ্য, ২০১১ সাল থেকে এন্টালি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তিনবারের বিধায়ক স্বর্ণকমল সাহা এবার নিজে প্রার্থী না হলেও তাঁর জায়গায় লড়ছেন ছেলে সন্দীপন সাহা। বিজেপি আবারও ভরসা রেখেছে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের ওপর, যিনি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর উপনির্বাচনে লড়াই করে চর্চায় এসেছিলেন। রাজনৈতিক মহলের মতে, এবার এন্টালিতে লড়াই বাবা বনাম মেয়ের নয়, বরং লড়াই হচ্ছে উত্তরাধিকারের সঙ্গে লড়াকু ভাবমূর্তির। তৃণমূলের পরিবারতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে প্রিয়াঙ্কা যখন উন্নয়নের দাবিতে সরব, তখন তৃণমূলের দাবি— এই অভিযোগগুলি স্রেফ সস্তার পাবলিসিটি।