“চিরকাল কৃতজ্ঞ থাকব”, আশা ভোঁসলের প্রয়াণে ভেঙে পড়লেন ব্রেট লি! ফিরে দেখলেন ২০০৬-এর সেই স্মৃতি

সঙ্গীত জগতের নক্ষত্রপতন। সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। ভারত ছাড়িয়ে বিদেশের মাটিতেও তাঁর অগণিত ভক্ত ও গুণমুগ্ধরা আজ শোকাচ্ছন্ন। এই কিংবদন্তি গায়িকার প্রয়াণে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি। বাইশ গজে গতির ঝড় তুললেও, ব্রেট লি-র সঙ্গে আশাজির এক গভীর সুরের সম্পর্ক ছিল। সেই পুরনো বন্ধুত্বের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অজি তারকা।

২০০৬ সালের কথা। যখন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় লড়াইয়ের পাশাপাশি বিনোদন জগতেও আলোড়ন তুলেছিল একটি গান— ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’ (You’re the One for Me)। আশা ভোঁসলের সঙ্গে এই গানটিতে কণ্ঠ মিলিয়েছিলেন ব্রেট লি। ক্রিকেট মাঠের গতির তারকা যে এমন সুরেলা গাইতে পারেন, তা দেখে সেদিন অবাক হয়েছিল বিশ্ব। ব্রেট লি তাঁর শোকবার্তায় লিখেছেন, “২০০৬ সালে আশা ভোঁসলের সাথে ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’ গানটি লেখা ও রেকর্ড করার সৌভাগ্য আমার হয়েছিল। এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।”

ব্রেট লি কেবল আশাজির অসাধারণ প্রতিভারই ভক্ত ছিলেন না, বরং তাঁর অমায়িক ব্যক্তিত্ব ব্রেট লি-র হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল। তিনি লেখেন, “এত কিছু অর্জন করার পরেও তিনি কতটা দয়ালু ও নম্র ছিলেন, সেটাই আমার মনে গেঁথে আছে। তাঁর মতো আন্তরিক এবং উদার মানুষ সত্যিই বিরল।” এই কঠিন সময়ে গায়িকার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। ব্রেট লি-র মতে, আশাজির কণ্ঠ এবং তাঁর সৃষ্টি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবে। এমন এক কিংবদন্তির সান্নিধ্য পাওয়াকে নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবেই গণ্য করছেন প্রাক্তন এই অজি পেসার।