রণবীর-দীপিকার সাজানো সংসারে অশান্তির মেঘ? বিচ্ছেদের দিনক্ষণ নিয়ে নেটপাড়ায় তোলপাড়!

বলিউডের ‘পাওয়ার কাপল’ বলতে যাদের নাম সবার আগে মাথায় আসে, তাঁরা হলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। পর্দার বাইরে তাঁদের রসায়ন সবসময়ই অনুরাগীদের অনুপ্রাণিত করে। কিন্তু সম্প্রতি নেটদুনিয়ার এক চাঞ্চল্যকর গুঞ্জন এই জুটির ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। শোনা যাচ্ছে, দীপিকা ও রণবীরের ছয় বছরের সাজানো সংসারে নাকি ফাটল ধরেছে। রেড্ডিট-এর মতো জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মে এক দল নেটিজেন দাবি করছেন, এই তারকা দম্পতির বিচ্ছেদ এখন কেবল সময়ের অপেক্ষা। এমনকি নির্দিষ্ট করে একটি সময়সীমাও উল্লেখ করা হয়েছে— দাবি করা হচ্ছে চলতি বছরের ১ জুন থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে নাকি আইনি পথে আলাদা হতে পারেন তাঁরা।
এই বিচ্ছেদের খবরের মূলে রয়েছে বেশ কিছু ছোট ছোট ঘটনা। নেটিজেনদের একাংশ লক্ষ্য করেছেন যে রণবীরের সাম্প্রতিক কিছু সাফল্যের পর দীপিকা শুরুতে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি। আর এই নীরবতাকেই ‘দূরত্ব’ হিসেবে ধরে নিয়েছেন অনেকে। এমনকি রণবীরের বিশ্বস্ততা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ। তাঁদের মতে, দুজনের আদর্শগত অমিলই নাকি এই চিড় ধরার আসল কারণ। যদিও এই গুঞ্জনের আগুনে জল ঢেলে পরে দীপিকা স্পষ্ট করেছেন যে তিনি রণবীরের কাজ দেখেছেন এবং তাঁর প্রশংসাও করেছেন।
২০১৮ সালে ইতালির লেক কোমোতে রূপকথার মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর-দীপিকা। দীর্ঘ ছ’বছরের দাম্পত্যে সম্প্রতি তাঁদের ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান ‘দুয়া পাড়ুকোন সিং’। একদিকে যখন নতুন বাবা-মা হিসেবে তাঁরা খুশি ভাগ করে নিচ্ছেন, তখন অন্যদিকে এই বিচ্ছেদের খবর অনুরাগীদের মনে বিষাদ তৈরি করেছে। তবে এটিই প্রথম নয়, এর আগেও বহুবার তাঁদের সম্পর্ক নিয়ে গুজব রটেছে। কিন্তু প্রতিবারই যাবতীয় জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তাঁরা একে অপরের সবচেয়ে বড় সমর্থক হিসেবে পাশে দাঁড়িয়েছেন। এবারও অনুরাগীদের আশা, বাইরের এই গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে বরাবরের মতো পাওয়ার কাপল হিসেবেই টিকে থাকবে ‘দীপবীর’।