পানিহাটিতে ধুন্ধুমার! আরজি কর নির্যাতিতার মায়ের প্রচারে তুলকালাম, বিশেষভাবে সক্ষম যুবককে মারধরের অভিযোগ

নির্বাচনী রাজনীতিতে পা রেখেই চরম উত্তেজনা ও বিতর্কের মুখে পড়লেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা রত্না দেবনাথ। সোমবার প্রচার চলাকালীন পানিহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের ঘোলা সি-ব্লক এলাকায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ উঠেছে, জনৈক বিশেষভাবে সক্ষম যুবককে মারধর করেছেন বিজেপি কর্মীরা। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে নারকীয় ঘটনার বিচার চেয়ে বারবার সরব হয়েছেন রত্না দেবী। মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়েই তিনি বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন। এদিন প্রচারের সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদারের বাড়ির সামনে পৌঁছালে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করলে পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান ওঠে তৃণমূল সমর্থকদের তরফে। এর মাঝেই রাজীব দাস নামে এক বিশেষভাবে সক্ষম যুবককে মারধর করা হয় বলে অভিযোগ।

আক্রান্ত রাজীবের দাবি, “বিজেপি কর্মীরা একটি বাড়ির ভিতরে ঢুকে চড়াও হয়। প্রতিবাদ করতে গেলে আমাকে ও আমার মা-কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।” এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় হাতাহাতি শুরু হয়। তবে রত্না দেবনাথের দাবি, তাঁর জয়ের সম্ভাবনা দেখেই চক্রান্ত করে অশান্তি ছড়াচ্ছে শাসকদল। প্রথমবার ভোটের লড়াইয়ে নেমে মেয়ের বিচারের পাশাপাশি বাংলার নারীদের সুরক্ষা দেওয়াই তাঁর মূল অঙ্গীকার বলে জানান তিনি। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে পানিহাটির রাজনৈতিক পরিবেশ।