উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর! ভিড় এড়াতে একগুচ্ছ স্পেশাল ট্রেন রেলের, দেখে নিন তালিকা

ভ্রমণ মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং যাতায়াত আরও আরামদায়ক করতে বড় পদক্ষেপ করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR)। উত্তরবঙ্গ ও সংলগ্ন উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে একাধিক স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি বিদ্যমান ট্রেনগুলির মেয়াদ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এনজেপি ও মালদা টাউনের মধ্যে যাতায়াতকারী ট্রেন নং ০৫৭৫৪/০৫৭৫৩ বিশেষ ট্রেনটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এটি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার ও সোমবার—উভয় দিক থেকে ১৫টি করে ট্রিপ সম্পন্ন করবে। ২২ কোচের এই ট্রেনটি কিষাণগঞ্জ, বারসই ও হরিশ্চন্দ্রপুরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। এছাড়া, নিউ জলপাইগুড়ি থেকে বালুরঘাটের (০৫৭৫৬/০৫৭৫৫) মধ্যেও সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানো হবে ১১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।
দূরপাল্লার যাত্রীদের জন্য কানপুর সেন্ট্রাল–গুয়াহাটি (০৪১২৭/০৪১২৮) রুটে বিশেষ ট্রেন আগামী ১৫ মে পর্যন্ত চলবে। অন্যদিকে, দক্ষিণ ভারতের সাথে সংযোগ বাড়াতে সিকন্দরাবাদ-নাহারলাগুন স্পেশাল ট্রেনটি প্রতি শুক্রবার ১০ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত চালানো হবে। উত্তর ভারতের যাত্রীদের জন্য অমৃতসর–নিউ জলপাইগুড়ি (০৪৬৫৪/০৪৬৫৩) ট্রেনের মেয়াদও ১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গুয়াহাটি থেকে জলপাইগুড়ি রোড (০৫৬৯৮/০৫৬৯৭) রুটেও বিশেষ পরিষেবা চালু থাকছে। এই সবকটি ট্রেনেই উন্নত মানের কোচ এবং পর্যাপ্ত আসন সংখ্যা নিশ্চিত করা হয়েছে যাতে সাধারণ মানুষের ভ্রমণ অভিজ্ঞতা আরও সুগম হয়।