“পায়ে ধরেছি প্রমাণ করুন, নাহলে মিথ্যে বলা বন্ধ করুন!” মৌসুমী ভট্টাচার্যকে ধুয়ে দিলেন জিতু কামাল

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু এবং তার পরবর্তী প্রতিবাদ ঘিরে টলিউড যখন উত্তাল, ঠিক তখনই নতুন এক বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেতা জিতু কামাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য দাবি করেন যে, জিতু কামাল নাকি আর্টিস্ট ফোরামের সদস্যদের পায়ে ধরে ক্ষমা চেয়েছেন। আর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন যুদ্ধ।

কী বলেছিলেন মৌসুমী ভট্টাচার্য?
মৌসুমীর দাবি ছিল, জিতু কামাল অতীতে ভুল করেছেন এবং সেই ভুলের জন্য তিনি আর্টিস্ট ফোরামের কাছে দীর্ঘক্ষণ ক্ষমা চেয়েছেন। এমনকি তিনি এও বলেন যে, তিনি যদি ফোরামের জায়গায় থাকতেন তবে জিতুকে কিছুতেই ক্ষমা করতেন না।

জিতু কামালের পাল্টা চ্যালেঞ্জ
মৌসুমীর এই মন্তব্যের পরই রণংদেহি মেজাজে ধরা দেন জিতু। সমাজমাধ্যমে একটি দীর্ঘ ভিডিও পোস্ট করে তিনি বলেন, “দিদি, আমি ক্ষমা চাইলাম কখন? আমি কেন ক্ষমা চাইতে যাব? ভুল করলে নিশ্চয়ই ক্ষমা চাইব, এমনকি জুতো মুখে তুলেও নেব। কিন্তু আমার কোনো ভুল নেই।” অভিনেতা স্পষ্ট করেন যে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডাকে তিনি মিটিংয়ে গিয়েছিলেন এবং সেখানে তাঁর সাথে ঘটা অপমানের বিষয়ে আলোচনা হয়েছে, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠেনি।

রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ
মৌসুমীর রাজনৈতিক পরিচয় টেনেই জিতু কটাক্ষ করে বলেন, “আপনাদের মতো কিছু কমরেডদের জন্যই পার্টির আজ এই অবস্থা। আপনারা ঘরে এক বলেন, বাইরে এক বলেন। সকালে প্রাক্তনের কুৎসা রটান, আবার সুবিধা পেলে তার পায়েই বসে পড়েন।” জিতু চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন যে, ওই মিটিংয়ে অনেক সিনিয়র প্রযোজক ও টেকনিশিয়ান ছিলেন, তাঁরাই জানেন সত্য কী। নোংরামি বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে জিতু জানান, তিনি কোনো ‘পাল্টিবাজি’ করেন না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৌসুমী ভট্টাচার্যের তরফ থেকে কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।