উত্তরাখণ্ডে বড় পদক্ষেপ ধামি সরকারের! বাতিল হলো মাদ্রাসা শিক্ষা বোর্ড, তালা ঝুলল ২৫০টি অবৈধ মাদ্রাসায়

উত্তরাখণ্ডের শিক্ষা ব্যবস্থায় এক আমূল পরিবর্তনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘ইসলামিক মাদ্রাসা শিক্ষা বোর্ড’ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাস থেকেই এই বোর্ড আর অস্তিত্বে থাকছে না। তার পরিবর্তে গঠন করা হয়েছে ‘উত্তরাখণ্ড স্টেট মাইনরিটি এডুকেশন অথরিটি’, যা রাজ্যের সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানকে একটি নতুন ও আধুনিক কাঠামোর আওতায় আনবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন কলনেমি’ অভিযানের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ২৫০টিরও বেশি অবৈধ মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, এই প্রতিষ্ঠানগুলির কোনো বৈধ নথিপত্র ছিল না এবং শিক্ষার মানও ছিল নিম্নমানের। মুখ্যমন্ত্রী ধামি স্পষ্ট জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো পড়ুয়াদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করা। এখন থেকে এই মাদ্রাসাগুলিকে আধুনিক স্কুলে রূপান্তর করা হবে, যেখানে কুরআন বা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষায় জোর দেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাস থেকে সমস্ত রেজিস্টার্ড সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানকে রাজ্য শিক্ষা বোর্ডের অধীনে আনা হবে। ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে ঠিকই, তবে তা নিয়মিত পাঠ্যক্রমের সময়ের পরে সীমাবদ্ধ রাখতে হবে। সরকারের এই সিদ্ধান্তকে সমর্থকরা ‘ঐতিহাসিক সংস্কার’ হিসেবে দেখলেও, প্রায় ৪০ হাজার পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রশাসনের দাবি, এই পরিবর্তনের ফলে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আসবে এবং ছাত্রছাত্রীরা কর্মমুখী শিক্ষার সুযোগ পাবে।