আপ-এ গৃহযুদ্ধ! রাঘব চাড্ডাকে ছেঁটে ফেলল কেজরীবালের দল, ‘মোদীর চর’ অপবাদ দিয়ে বিস্ফোরক মুখপাত্র

আম আদমি পার্টির (AAP) অন্দরে দীর্ঘদিনের চাপা অসন্তোষ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দিয়ে বড়সড় পদক্ষেপ নিল অরবিন্দ কেজরীবালের দল। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে অশোক মিত্তলকে। তবে শুধু পদ কেড়ে নেওয়াই নয়, রাজ্যসভা সচিবালয়কে চিঠি দিয়ে আপ জানিয়েছে, রাঘব চাড্ডাকে যেন সংসদে কথা বলার জন্য কোনও সময় বরাদ্দ না করা হয়। এই নজিরবিহীন ঘটনার পরই রাঘব বনাম আপ নেতৃত্বের সংঘাত চরমে পৌঁছেছে।
“আপনি কি মোদীকে ভয় পান?”
রাঘব চাড্ডার ডানা ছাঁটার পরেই ময়দানে নেমেছেন আপ মুখপাত্র অনুরাগ ধন্ডা। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে, রাঘব এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পান। ধন্ডার কথায়, “আমরা কেজরীওয়ালের সেনা, আমাদের পরিচয় আমাদের নির্ভীকতায়। কিন্তু রাঘবজি, গত কয়েক বছর ধরে আপনি ভীতু হয়ে গিয়েছেন। আপনি মোদীর বিরুদ্ধে মুখ খুলতে সঙ্কোচ বোধ করেন।” ধন্ডা আরও খোঁচা দিয়ে বলেন, “সংসদে দল বলার জন্য খুব কম সময় পায়। সেই সময়ে দেশের আসল সমস্যা না তুলে আপনি বিমানবন্দরের ক্যান্টিনে সিঙাড়া সস্তা করার মতো ফালতু বিষয় নিয়ে সময় নষ্ট করেছেন।”
বিজেপি ঘনিষ্ঠতার জল্পনা:
রাজনৈতিক মহলে প্রবল গুঞ্জন, রাঘব চাড্ডা খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। আপ নেতৃত্বের অভিযোগ, যখন গোটা দল সংসদের অধিবেশন কক্ষ ত্যাগ করে প্রতিবাদ জানায়, তখন রাঘব প্রধানমন্ত্রী মোদীর প্রতি আনুগত্য দেখাতে নিজের আসনেই বসে থাকেন। এমনকি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনা প্রস্তাবেও তিনি সই করতে অস্বীকার করেন। গুজরাটে আপ কর্মীদের গ্রেফতারি নিয়ে যখন প্রতিবাদের ঝড় উঠেছিল, তখনও রাঘবকে নিশ্চুপ থাকতে দেখা গিয়েছে।
রাঘবের আবেগঘন পালটা চাল:
পদ খোয়ানোর পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন রাঘব চাড্ডা। নেপথ্যে সংসদ ভবনকে রেখে তিনি বলেন, “হয়তো এভাবে আমার মুখ বন্ধ করা যাবে, কিন্তু আমাকে থামানো যাবে না। আম আদমির স্বার্থে সরব হওয়া কি আমার অপরাধ? সেই কারণেই কি আমার কণ্ঠরোধ করা হলো?” রাঘবের এই ‘ভিকটিম কার্ড’ খেলা নিয়ে আপ মুখপাত্রের পালটা দাবি— যারা মোদীকে ভয় পায়, তারা দেশের জন্য লড়তে পারে না। সব মিলিয়ে আপ-এর অন্দরে এখন বিদ্রোহের সুর সপ্তমে।