মন্দির থেকে ফেরার পথেই ভাগ্যবদল! সুপারমার্কেট কর্মীর হাতে এল ১০ কোটির ‘জ্যাকপট’

কেরলের মালাপ্পুরম জেলার পারাপ্পানাঙ্গাডির নেদুভার বাসিন্দা এন.ভি. পদ্মনাভনের জীবনে এক সাধারণ দিনই হয়ে উঠল আজ অসাধারণ। পেশায় সুপারমার্কেট কর্মী, ৫১ বছরের পদ্মনাভন জিতে নিলেন কেরলের স্টেট লটারির ‘সামার বাম্পার’ ড্র-এর প্রথম পুরস্কার ১০ কোটি টাকা। মঙ্গলবার সকালে এই খবর জানার পর থেকেই আনন্দে ভাসছে তাঁর পরিবার ও গোটা এলাকা।
গত আট বছর ধরে কোঝিচেনার একটি সুপারমার্কেটে সামান্য বেতনে কাজ করছেন তিনি। জীবনের কঠিন সংগ্রামের মাঝে এই অভাবনীয় প্রাপ্তি যেন তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদ। গত ২৬ মার্চ কোয়েম্বাটুরের একটি মন্দির থেকে ফেরার পথে পালাক্কাড়ে তিনি SB 517026 নম্বরের লটারির টিকিটটি কেনেন। পদ্মনাভনের কথায়, তিনি নিয়মিত লটারি কেনেন না, শুধুমাত্র ‘বাম্পার’ ড্র হওয়ায় শখের বশে টিকিটটি কিনেছিলেন। সেই একটি সিদ্ধান্তই যে তাঁর জীবন আমূল বদলে দেবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।
স্ত্রী স্মিথা ও দুই সন্তান—দশম শ্রেণির ছাত্র শ্রীহরি এবং সপ্তম শ্রেণির ছাত্রী পর্বণা—কে নিয়ে পদ্মনাভনের সাজানো সংসার। পুরস্কার জেতার খবর পাওয়ার পর তিনি লটারির টিকিটটি পারাপ্পানাঙ্গাডির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা ম্যানেজারের কাছে জমা দিয়েছেন। এই জয় তাঁর জীবনের এক বড় মোড় বলে মনে করছেন পদ্মনাভন। তিনি জানিয়েছেন, এই অর্থ দিয়ে তিনি পরিবারের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান।
উল্লেখ্য, প্রথম পুরস্কারের টিকিটটি পালাক্কাড় জেলার এজেন্ট এস. মধুসূদননের মাধ্যমে বিক্রি হয়েছিল। এছাড়াও, দ্বিতীয় পুরস্কার ১ কোটি টাকা পেয়েছে SE 660573 নম্বরের টিকিট, সেটিও পালাক্কাড় থেকেই বিক্রি হয়েছে। আপাতত পদ্মনাভন ও তাঁর পরিবারের কাছে ফোন এবং শুভেচ্ছাবার্তার বন্যায় খুশির জোয়ার বইছে।