সিপিএম নেতার ঘরে ফুটল পদ্ম! পূর্বস্থলী উত্তরের বিজেপি প্রার্থীকে নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী উত্তর কেন্দ্রে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, যাঁর হাতে বিজেপি পদ্ম পতাকা তুলে দিয়েছে, তাঁর শিকড় প্রোথিত বামপন্থী আদর্শে। সিপিএমের সক্রিয় কর্মী ও নেতার পরিবারে জন্ম নিয়েও সম্পূর্ণ ভিন্ন মেরুর রাজনীতি বেছে নিয়েছেন এই শিক্ষক নেতা।
বাম পরিবার থেকে আরএসএস-এর আঙিনায়: প্রার্থীর বাবা এবং কাকা সক্রিয়ভাবে সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন। বড় কাকা তো ছিলেন দলের হেভিওয়েট সংগঠক। কিন্তু পারিবারিক এই পরিবেশের মধ্যেই শৈশবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সংস্পর্শে আসেন তিনি। বাম জমানার দাপটের মধ্যেও নিজের গেরুয়া আদর্শে অবিচল থেকেছেন। ছাত্র রাজনীতিতে এবিভিপি-র (ABVP) রাজ্য সহ-সভাপতি হিসেবে তাঁর সাংগঠনিক দক্ষতা নজর কেড়েছিল দলের।
শিক্ষক থেকে সেনাপতি: পেশায় শিক্ষক এই নেতা কাটোয়া সাংগঠনিক জেলায় বিজেপির সভাপতি হিসেবেও কাজ করেছেন। নিচুতলায় দলের সংগঠন মজবুত করতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাম ভোটব্যাঙ্কে ফাটল ধরাতেই বিজেপি এই ‘ঘরের ছেলেকে’ প্রার্থী করার কৌশল নিয়েছে। পারিবারিক বাম ঐতিহ্য বনাম ব্যক্তিগত বিজেপি পরিচয়—এই দ্বৈরথ পূর্বস্থলী উত্তরের ভোটে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।