“বিজেপি সারা ভারতে শুধু মমতাদিকেই ভয় পায়!” ভোটের আগে বিস্ফোরক এই প্রাক্তন বিধায়ক!

২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বঙ্গ রাজনীতিতে পারদ চড়ালেন প্রবীণ সাংবাদিক তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। ইটিভি ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি সাফ জানালেন, বর্তমান ভারতীয় রাজনীতিতে মোদী-শাহ জুটির একমাত্র ভয়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “সারা ভারতে বিজেপি যদি কাউকে ভয় পায়, তবে তিনি মমতা। এজেন্সি বা টাকা দিয়ে অনেককে বসিয়ে দিলেও মমতাকে দমানো অসম্ভব।”
প্রবীর ঘোষাল, যিনি একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং পরে ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন, তিনি স্পষ্ট করলেন যে আসন্ন নির্বাচনে ‘ডোল পলিটিক্স’ বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমুখী প্রকল্পই তৃণমূলের প্রধান হাতিয়ার। বিরোধীদের কটাক্ষ উড়িয়ে তাঁর যুক্তি, সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছালে তবেই বাজার সচল থাকে। সিপিআইএম-এর বর্তমান অবস্থা নিয়ে তাঁর শানিত আক্রমণ, “বামেরা এখন ভেন্টিলেশনে। শূন্য থেকে মহাশূন্যে চলে গিয়েছে তারা।” মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়াইকে গুরুত্ব দিতে নারাজ এই প্রবীণ সাংবাদিকের মতে, ভোটাররা জানেন কাকে ভোট দিলে লাভ।
বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ নিয়ে তাঁর টিপ্পনি, “শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপিতে আর কোনো চেনা মুখ নেই। সারা বছর মানুষের পাশে না থেকে শুধু ভোটের সময় যাত্রা করে কোনো লাভ হবে না।” তৃণমূলের অভ্যন্তরীণ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেন এবং বিগত নির্বাচনগুলিতেই প্রমাণিত হয়েছে যে দুর্নীতির অভিযোগ মানুষের রায়ে প্রভাব ফেলতে পারেনি।