তারকেশ্বর ভক্তদের জন্য সুখবর! ভোটের আগেই নতুন লোকাল ট্রেনের ঘোষণা, কবে থেকে চলবে?

ভোটের বাদ্যি বাজতেই বাংলার রেল পরিষেবায় দরাজ হস্ত রেল মন্ত্রক। তারকেশ্বর ধামে পুজো দিতে যাওয়া পুণ্যার্থী এবং নিত্যযাত্রীদের জন্য খুশির খবর শুনিয়ে নতুন লোকাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। তবে এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে নয়, বরং যাত্রীচাপ সামলাতে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে চলাচল করবে। আগামী ১৬ মার্চ থেকেই এই নতুন পরিষেবা চালু হতে পারে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই ইএমইউ (EMU) লোকালটি প্রতিদিন শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে যাতায়াত করবে। ডাউন দিকে (তারকেশ্বর-শেওড়াফুলি) ট্রেনটি তারকেশ্বর থেকে সকাল ১০টা ০৫ মিনিটে ছাড়বে এবং শেওড়াফুলি পৌঁছাবে সকাল ১০টা ৫৩ মিনিটে। আবার আপ দিকে (শেওড়াফুলি-তারকেশ্বর) ট্রেনটি শেওড়াফুলি থেকে বেলা ১১টা ০৪ মিনিটে ছাড়বে এবং তারকেশ্বরে পৌঁছাবে বেলা ১১টা ৫০ মিনিটে। যাতায়াতের পথে ট্রেনটি প্রতিটি স্টেশনে স্টপেজ দেবে, যা স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকদেরও প্রভূত সাহায্য করবে।
শুধু তারকেশ্বর নয়, শিয়ালদহ ডিভিশনেও একগুচ্ছ পরিবর্তন এনেছে রেল। শিয়ালদহ-রানাঘাট-গেদে এবং গেদে-মাঝেরহাট শাখায় একাধিক ট্রেনের রুট বাড়ানো হয়েছে। শিয়ালদহ-ব্যারাকপুর লোকালের রুট বাড়িয়ে গেদে পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি, বিকেল ৪টে ৫০-এর শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালের সময় পরিবর্তন করে ৪টে ৩০ করা হয়েছে। ১৬ মার্চ থেকে এই নতুন সময়সূচি কার্যকর হলে উত্তর ২৪ পরগনা ও নদীয়ার লক্ষাধিক যাত্রী উপকৃত হবেন। রেলের এই পদক্ষেপকে ভোটের আগে বড়সড় ‘উপহার’ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।