ভারতের ডিজিটাল বিপ্লবে নয়া পালক! উত্তর বেঙ্গালুরুতে ১২ তলার অফিস খুলল ই-কমার্স জায়ান্ট

সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে নিজেদের আধিপত্য আরও বাড়াল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)। সোমবার উত্তর বেঙ্গালুরুতে সংস্থার দ্বিতীয় এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম অফিসের উদ্বোধন করা হলো। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১৫ কিমি দূরে ৫ একর জমির ওপর তৈরি হয়েছে এই ১২ তলার সুদৃশ্য ভবন। যেখানে ই-কমার্স, টেকনোলজি, পেমেন্টস এবং সেলস সার্ভিসের ৭০০০-এরও বেশি কর্মী একসঙ্গে কাজ করতে পারবেন।
কর্নাটকের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী এম.বি. পাতিল এই বিশাল ক্যাম্পাসের উদ্বোধন করেন। হায়দরাবাদের পর এটিই ভারতে অ্যামাজনের সবথেকে বড় পরিকাঠামো। শুধু কাজের জায়গা নয়, কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই অফিসে রাখা হয়েছে বাস্কেটবল ও পিকবল কোর্ট, অ্যাম্পিথিয়েটার এবং ল্যান্ডস্কেপ লন। এমনকি দুটি ফ্লোর জুড়ে রয়েছে ফুড কোর্ট, যেখানে মিলবে দেশ-বিদেশের নানা স্বাদের খাবার।
অ্যামাজন ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার সমীর কুমার জানান, ২০৩০ সালের মধ্যে ভারতে আরও ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাঁদের। নতুন এই অফিস শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, স্থানীয় স্তরে বিপুল কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।