ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড মামলায় এবার পার্টি করা হলো কেন্দ্র ও স্বরাষ্ট্র মন্ত্রককে, কড়া অবস্থানে বিচারক

পূর্ব কলকাতার জলাভূমি (East Kolkata Wetlands) রক্ষা এবং সেখানে গড়ে ওঠা বেআইনি নির্মাণ ভাঙার কাজে রাজ্যের ‘নিষ্ক্রিয়তা’ দেখে রণংদেহি মেজাজে কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্য সরকার যদি বেআইনি নির্মাণ সরাতে ব্যর্থ হয়, তবে আদালত আধা সামরিক বাহিনী (Paramilitary Forces) নামাতে দ্বিধা করবে না।
এদিন শুনানিতে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির (EKWMA) আইনজীবী বিস্ফোরক অভিযোগ করেন। তিনি জানান, আদালতের নির্দেশ মেনে ৫০৫টি বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করতে গিয়ে তাঁরা চূড়ান্ত অসহযোগিতার মুখে পড়েছেন। অভিযোগ, বিক্ষোভের অজুহাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায়নি। এমনকি কলকাতা পুরসভা এবং জেলাশাসকের কাছে সাহায্য চেয়েও মেলেনি কোনো সাড়া।
এই মন্তব্য শুনেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি সিনহা। তিনি বলেন, “আদালতে শুধু রিপোর্ট জমা পড়ছে, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।” এরপরই তিনি কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পরিবেশ মন্ত্রককে এই মামলায় ‘পার্টি’ করার নির্দেশ দেন। বিচারপতির পর্যবেক্ষণ, যদি প্রশাসন আইন কার্যকর করতে অপারক হয়, তবে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েই জলাভূমি উদ্ধার করতে হবে। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।