সোনা কি এবার ধরাছোঁয়ার বাইরে? আকাশছোঁয়া দাম নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

লাগামহীনভাবে বাড়ছে সোনা ও রুপোর দাম। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া এই দাম নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার রিজার্ভ ব্যাঙ্কের (RBI) কেন্দ্রীয় পর্ষদের সঙ্গে বাজেট-পরবর্তী বৈঠকের পর তিনি জানান, সরকার ও আরবিআই যৌথভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে বর্তমান দাম বাড়ার বিষয়টি নিয়ে এখনই খুব বেশি উদ্বেগের কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

অর্থমন্ত্রীর মতে, ভারত সোনার ক্ষেত্রে একটি আমদানি-নির্ভর দেশ। বর্তমানে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো ব্যাপক হারে সোনা ও রুপো কিনছে, যার ফলে বিশ্ববাজারে এই মূল্যবান ধাতুর দাম বাড়ছে। এছাড়া অভ্যন্তরীণ বাজারে বিয়ের মরশুম থাকায় চাহিদাও আকাশছোঁয়া। সীতারামন বলেন, “সোনা ভারতীয়দের কাছে পছন্দের বিনিয়োগ। বর্তমানে যে উচ্চ চাহিদা দেখা যাচ্ছে তা মরশুমি বলে মনে হচ্ছে।”

সোনার এই দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক অস্থিরতাও অন্যতম কারণ। বিশেষ করে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বাজারের অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। ফলে শেয়ার বাজারের অস্থিরতা থেকে বাঁচতে বিনিয়োগকারীরা সোনাকেই সবচেয়ে নিরাপদ মনে করছেন।

কলকাতায় আজকের সোনার দাম (১০ গ্রাম):

  • ১৮ ক্যারেট: ১,২১,০১০ টাকা (১৫৫০ টাকা বৃদ্ধি)

  • ২২ ক্যারেট: ১,৪৭,৯০০ টাকা (১৯০০ টাকা বৃদ্ধি)

  • ২৪ ক্যারেট: ১,৬১,৩৫০ টাকা (২০৭০ টাকা বৃদ্ধি)