খালি গায়ে বিক্ষোভই প্রতিবাদের ভাষা! মোদিকে পাল্টা তোপ শুভঙ্কর সরকারের, কাল শহরে বড় চমক

বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাল হতে চলেছে তিলোত্তমার রাজপথ। ত্রুটিমুক্ত ভোটার তালিকার দাবিতে এবার সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর ঘেরাওয়ের ডাক দিল প্রদেশ কংগ্রেস। সোমবার এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘোষণা করেন, আগামী ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টো থেকে কমিশনের দফতরের সামনে টানা ২৪ ঘণ্টার অবস্থান-বিক্ষোভে বসবে কংগ্রেস।
শুভঙ্কর সরকারের অভিযোগ, গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ায় চরম অসংগতি দেখা দিয়েছে। তাঁর দাবি, ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’-র অজুহাতে প্রায় এক কোটিরও বেশি ভোটারকে শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। প্রদেশ সভাপতির হুঁশিয়ারি, “একজন যোগ্য ভোটারের নামও যদি বাদ পড়ে কিংবা কোনো ভুয়ো নাম ঢোকানো হয়, তবে কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে না।” মূলত পাঁচটি দাবি সামনে রেখে এই আন্দোলনের ডাক দিয়েছে হাত শিবির। এর মধ্যে অন্যতম হলো— ২৮ ফেব্রুয়ারির মধ্যে ত্রুটিমুক্ত চূড়ান্ত তালিকা প্রকাশ এবং মনোনয়ন শুরুর আগে বাদ পড়া ভোটারদের নাম তোলার স্পষ্ট নির্দেশিকা।
অন্যদিকে, দিল্লিতে এআই (AI) সম্মেলনে যুব কংগ্রেসের খালি গায়ে বিক্ষোভকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘নগ্নতা’ বলে কটাক্ষ করায় ক্ষোভে ফেটে পড়েছেন বঙ্গ কংগ্রেস নেতৃত্ব। প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে শুভঙ্কর বাবু বলেন, “রাষ্ট্র ব্যবস্থার নগ্ন চেহারা সামনে আনতেই এই ধরনের প্রতিবাদের প্রয়োজন পড়ে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও এমন নজির আছে।” এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টায় কলকাতায় ‘অভিনব’ প্রতিবাদের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। তবে সেই প্রতিবাদ ঠিক কী হতে চলেছে, তা নিয়ে সাসপেন্স বজায় রেখেছেন প্রদেশ সভাপতি।
কংগ্রেস নেতৃত্বের দাবি, সুপ্রিম কোর্ট যেভাবে হাইকোর্টের তত্ত্বাবধানে বিচারকদের মাধ্যমে ভোটার তালিকার আপত্তি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে, তাতে কমিশন ও রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। গণতন্ত্র রক্ষার স্বার্থে সাধারণ মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন শুভঙ্কর সরকার।