কলকাতার অভিজাত আবাসনে ভয়াবহ আগুন! আতঙ্কিত অভিনেত্রী পায়েল সরকার ও লহমা, এখন কেমন আছেন তারা?

সপ্তাহের শুরুতেই শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক। এবার দক্ষিণ কলকাতার রুবি সংলগ্ন এক অভিজাত বহুতল আবাসনের পাঁচতলায় আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। এই হাইরাইজ আবাসনেই বাস করেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার এবং নবাগতা লহমা ভট্টাচার্য-সহ বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ।

স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে আবাসনের পাঁচতলার একটি ফ্ল্যাটে আচমকাই আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (AC) থেকে শর্ট সার্কিটের ফলেই এই বিপত্তি। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা টাওয়ার। আতঙ্কে আবাসিকরা হুড়োহুড়ি করে নীচে নেমে আসেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তারকারা।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী পায়েল সরকার জানান, তিনি আবাসনের সাততলায় থাকেন। তাঁর রান্নাঘরের পরিচারিকা প্রথম ধোঁয়া দেখতে পান। পায়েল বলেন, “রান্নার দিদি বাইরে প্রচুর ধোঁয়া দেখে আমায় ডাকেন। তখনই বুঝতে পারি বড় কিছু ঘটেছে। আমরা দ্রুত নীচে নেমে আসি। গোটা টাওয়ার কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল।” তিনি আরও জানান, আগুন লাগার প্রায় ৪০ মিনিট পর দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় তাঁরা নিজেদের ফ্ল্যাটে ফিরতে পেরেছেন।

অন্যদিকে, অভিনেত্রী লহমা ভট্টাচার্য তাঁর বাবা-মায়ের সঙ্গে ওই আবাসনের ৩০ তলায় থাকেন। তিনিও নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি টালিগঞ্জের একটি আবাসনেও একই ধরণের অগ্নিকাণ্ড ঘটেছিল, যেখানে নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে দুই সন্তান নিয়ে রাস্তায় নেমে আসতে হয়েছিল। শহরের একের পর এক হাইরাইজে এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা আবাসিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।