আবারও হাসপাতালের বিছানায় দীপিকা কক্কর! লিভারে ধরা পড়ল সিস্ট, কী জানালেন স্বামী শোয়েব?

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্করের শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বিগ্ন তাঁর লক্ষ লক্ষ অনুরাগী। ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই করে জয়ী হওয়ার মাত্র কয়েক মাস কাটতে না কাটতেই আবারও বড়সড় স্বাস্থ্য সংকটের মুখে ‘সসুরাল সিমর কা’ খ্যাত এই অভিনেত্রী। জানা গিয়েছে, দীপিকার লিভারে নতুন করে একটি সিস্ট ধরা পড়েছে, যার কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সোমবার দীপিকার স্বামী তথা অভিনেতা শোয়েব ইব্রাহিম তাঁর লেটেস্ট ভ্লগের মাধ্যমে এই দুঃসংবাদটি সকলের সঙ্গে ভাগ করে নেন। শোয়েব জানান, গত কয়েকদিন ধরেই দীপিকা তাঁর বাঁ কাঁধে অস্বস্তি এবং পেটে হালকা ব্যথা অনুভব করছিলেন। সমস্যা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তাঁর সিটি স্ক্যান করানো হয়। সেই রিপোর্টেই ধরা পড়ে যে, দীপিকার লিভারে প্রায় ১৩ মিমি (১.৩ সেন্টিমিটার) আকারের একটি ছোট সিস্ট তৈরি হয়েছে।

অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং দীপিকাও। ভ্লগে তাঁকে বলতে শোনা যায়, “গত ডিসেম্বরে যখন স্ক্যান করিয়েছিলাম, তখন এই সিস্ট ছিল না। মাত্র দু-মাসের ব্যবধানে এটা তৈরি হয়েছে। দু-দিন ধরে পেটে আর কাঁধে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। সিটি স্ক্যান রিপোর্টে সিস্ট ধরা পড়ার পর চিকিৎসক দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।” তবে এই সিস্টটি পুনরায় ক্যানসার কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন অভিনেত্রী। তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে অনুরাগীদের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন।

চিকিৎসকদের মতে, দীপিকার আগের মেডিকেল হিস্ট্রি বিচার করে এই সিস্টটি দ্রুত অপসারণ করা প্রয়োজন। তবে চিন্তার খুব বেশি কারণ নেই বলেই আশ্বাস দিয়েছেন তাঁরা। আধুনিক চিকিৎসার মাধ্যমে সিস্টটিকে ‘বার্ন’ বা পুড়িয়ে ফেলার ছোট একটি অস্ত্রোপচার করা হবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই অস্ত্রোপচার সম্পন্ন হবে। এরপর দীপিকাকে তিন থেকে চার দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

উল্লেখ্য, এর আগে লিভার ক্যানসার ধরা পড়ার পর দীপিকার একটি বড় অস্ত্রোপচার হয়েছিল এবং তাঁর লিভারের একাংশ বাদ দিতে হয়েছিল। সেই কঠিন সময় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিলেন তিনি। কিন্তু আচমকা এই নতুন সংকটে শোয়েব ইব্রাহিমও কিছুটা ভেঙে পড়েছেন। শোয়েব বলেন, “২৪ ঘণ্টা আগেও সব ঠিক ছিল, আমরা হাসি-মজায় ছিলাম। এটাই জীবন, কখন কী হয় কেউ জানে না। আপনারা শুধু দোয়া করবেন যাতে সব ঠিকঠাক মিটে যায়।” বর্তমানে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী।